একক নেতৃত্ব তবে বিরোধী বলয়ও আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ চলছে দলের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ জাফর আলীর একক নেতৃত্বে। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন সভাপতির পদ থেকে পদত্যাগ করে নিষ্ক্রিয় হয়ে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদের নেতৃত্বে জাফরবিরোধী নতুন বলয় তৈরি হচ্ছে। এই পক্ষের অভিযোগ, জাফর আলী এককভাবে দল চালানোয় সাংগঠনিক কার্যক্রম শিকেয় উঠেছে। আর জাফর আলীর পক্ষ আমান আহমেদের বিরুদ্ধে দলীয় কোন্দল সৃষ্টির অভিযোগ তুলেছে।
জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। সভাপতি পদে আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল ও সাধারণ সম্পাদক পদে জাফর আলী নির্বাচিত হন।
একাধিক নেতা-কর্মী দাবি করেন, জেলা আওয়ামী লীগে দ্বন্দ্ব শুরু হয় ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। তখন কুড়িগ্রাম-২ আসনে দলের মনোনয়ন চান আমসাআ আমিন ও মো. জাফর আলী। দলের মনোনয়ন পেলেও ভোটে পরাজিত হন আমসাআ আমিন। কিন্তু ভোটে পরাজিত হলেও দলের কাউন্সিল নির্বাচনে আমসাআ আমিন সভাপতি নির্বাচিত হন। এরপরই শুরু হয় সাধারণ সম্পাদক জাফর আলীর সঙ্গে সভাপতির বিরোধ। নেতা-কর্মীরাও দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েন। ২০০৮ সালে দলের মনোনয়ন পেয়ে জাতীয় সংসদ নির্বাচনে জাফর আলী সাংসদ নির্বাচিত হলে সভাপতি আমসাআ আমিনের পক্ষ দুর্বল হয়ে পড়ে।
২০১৩ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনে আমসাআ আমিন সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি জেলা পরিষদের প্রশাসক মনোনীত হন, এখনো তিনি ওই পদে আছেন।
আমসাআ আমিন সরে যাওয়ায় এত দিন জাফর আলীর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তবে এ অবস্থা বেশি দিন স্থায়ী হয়নি। জাফর আলীর নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়ান যুবলীগের সাবেক সভাপতি এবং বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
মঞ্জুর সমর্থক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাবুল বলেন, জেলা কমিটির সভা ঠিকমতো হয় না। দলের মূল নেতা-কর্মীরা হতাশ। কোনো কর্মসূচি পালন হয় না বললেই চলে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি থাকলেও নিয়মিত বৈঠক হয় না।
তবে জাফর আলীর পক্ষের নেতা-কর্মীদের অভিযোগ, মঞ্জুর কারণে জেলা যুবলীগের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নতুন কমিটিও হচ্ছে না। জেলায় যুবলীগের কার্যক্রম দুই বছর ধরে নেই বললেই চলে। কেন্দ্র থেকে নেতারা এসে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে দিলেও তা মেনে নেয়নি। একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে থানায়। মামলার আসামি হয়ে অনেকে পালিয়ে বেড়াচ্ছেন।
তবে আমান উদ্দিন আহমেদ এসব অস্বীকার করে বলেছেন, দলের সাধারণ সম্পাদক (জাফর আলী) বিমাতাসুলভ আচরণ করেন। তিনি ছাত্রলীগ, যুবলীগে নাগ গলান। এতে কোন্দলের সৃষ্টি হয়। তা ছাড়া গত পাঁচ বছরে দলের কতিপয় নেতা-কর্মী তাঁর নাম ভাঙিয়ে টেন্ডারবাজি, নিয়োগ-বাণিজ্য করলেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। এ কারণে বঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম হয়েছে।
আর সাধারণ সম্পাদক মো. জাফর আলীর বক্তব্য, দলে কোনো কোন্দল নেই। দ্বন্দ্ব নেই। জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত দলীয় শৃঙ্খলা রয়েছে। দলীয় কার্যক্রম সক্রিয়ভাবে চলছে। তবে দু-চারজন নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দলের দুর্নাম করছেন। বিষয়গুলো কেন্দ্র অবহিত রয়েছে।