একক প্রার্থী নিয়ে মাঠে আ.লীগ ঘর গোছাতে ব্যস্ত বিএনপি
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে রাজশাহী আওয়ামী লীগ। ইতিমধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে উঠান বৈঠক। দলের উচ্চপর্যায় থেকে সবুজ সংকেত পেয়ে এখন আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামার অপেক্ষায় নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান।
আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করলেও এখনো ঘর গোছাতে হিমশিম খাচ্ছে নগর বিএনপি। নগর বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি নেই। নির্বাচনে কে প্রার্থী হচ্ছেন, তা নিয়েও ধোঁয়াশা কাটেনি এখনো।
সিটি নির্বাচনকে মাথায় রেখে গত ঈদুল ফিতরের আগে থেকেই জনসংযোগ শুরু করেন আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান। তিনি ইফতারসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে নগরবাসীকে গত মেয়াদে তাঁর উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেন। ভবিষ্যতেও তাঁর সঙ্গে থাকার আহ্বান জানান। ঈদের পর তিনি দলের কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে নগরের বিভিন্ন ওয়ার্ডে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন।
গত মঙ্গলবার রাতে নগরের কুমারপাড়ার ঘোষপাড়া পদ্মা সর্বজনীন মন্দির প্রাঙ্গণে আয়োজিত লীলাকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান বলেন, ‘রাজশাহীর উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। আসন্ন নির্বাচনে রাজশাহীতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হবে বলে দলের হাইকমান্ড থেকে বলা হয়েছে। রাজশাহীর উন্নয়নের প্রসারে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে।’
জানতে চাইলে, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই আমাকে ডেকে লিটন (এ এইচ এম খায়রুজ্জামান) ভাইয়ের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। সরকারের উন্নয়ন বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কী করতে চাই, তা প্রচারের নির্দেশ দিয়েছেন। সাংগঠনিকভাবে মহানগর আওয়ামী লীগ সিটি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা এখন জোর দিচ্ছি কর্মীরা যাতে কেউ বিমুখ না হয়। তৃণমূল পর্যায়ে কর্মীদের চাঙা করে সরকারের উন্নয়নবার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। ইতিমধ্যে পাড়ায় পাড়ায় উঠান বৈঠক শুরু হয়েছে।’
২০১৩ সালের জুনে অনুষ্ঠিত রাজশাহী সিটি নির্বাচনে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন তৎকালীন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। সমালোচকেরাও স্বীকার করেন, দায়িত্বে থেকে পাঁচ বছরে রাজশাহী নগরে উন্নয়নের চমক সৃষ্টি করেছিলেন তিনি। প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন উপহার দিয়েছিলেন নগরবাসীকে। সে তুলনায় গত চার বছরে মেয়র হিসেবে বিএনপির মোসাদ্দেক হোসেন নগরের উন্নয়নে তেমন কোনো চমক দেখাতে পারেননি। অবশ্য এর জন্য মামলার কারণে মেয়াদকালের অর্ধেক সময়ই তাঁর মেয়রের চেয়ারে বসতে না পারাকে দায়ী করছেন বিএনপির নেতারা। বিরোধী দলের মেয়র হওয়ায় সরকারের উন্নয়ন বরাদ্দ কম পাওয়ার অভিযোগও রয়েছে।
দলের স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এত দিন জেলা বিএনপির রাজনীতিতে অনেকটা একচ্ছত্র আধিপত্য ছিল রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমানের। তিনি সাবেক সাংসদ ও রাজশাহী সিটি করপোরেশনের তিনবারের মেয়র ছিলেন। আর জেলায় আলোচিত নেতা নাদিম মোস্তফা গত সাত বছর রাজশাহী জেলা বিএনপির রাজনীতির নেতৃত্বে ছিলেন। সাড়ে পাঁচ মাস আগে এ দুজন নেতৃত্ব থেকে ছিটকে পড়েন। কেন্দ্র থেকে ঘোষিত রাজশাহী মহানগর ও জেলা কমিটি থেকে তাঁদের বাদ দেওয়া হয়। নতুন কমিটিতে মহানগর বিএনপির সভাপতি হন রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন। জেলা কমিটির সভাপতি করা হয় আগের কমিটির সহসভাপতি তোফাজ্জল হোসেনকে। মহানগর কমিটির সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল হক বহাল থাকলেও জেলার সাধারণ সম্পাদক করা হয় আগের কমিটির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানকে।
নেতৃত্বের এই পরিবর্তনের জের ধরে সম্প্রতি দলীয় কার্যালয়ে তালা, দলীয় কর্মসূচি বর্জন, নেতাদের বাড়ি ঘেরাও এবং নতুন কমিটি বাতিল চেয়ে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। সেই ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি নগর বিএনপি। মিজানুর রহমান-মোসাদ্দেক হোসেন শিবিরে বিভক্ত নগর বিএনপি।
নগর বিএনপি সূত্রে জানা গেছে, মূল দল বিএনপিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল কোনোটিরই পূর্ণাঙ্গ কমিটি নেই রাজশাহী মহানগরে। থানা ও ওয়ার্ড পর্যায়েও বিএনপি ছাড়া আর কোনো অঙ্গসংগঠনের পুরো কমিটি নেই।
বিএনপি নেতারা বলছেন, এমন অবস্থায় আগামী সিটি নির্বাচনে দলের প্রার্থী কে হচ্ছেন, তা এখনো পরিষ্কার নয়। বিএনপির প্রার্থী হিসেবে মোসাদ্দেক হোসেনের নাম শোনা যাচ্ছে বেশি। বিকল্প হিসেবে মিজানুর রহমানকেও দলীয় মনোনয়ন দেওয়া হতে পারে, এমন কানাঘুষাও রয়েছে। মিজানুর বা মোসাদ্দেক—মনোনয়ন যিনিই পান, তাঁর প্রথম চ্যালেঞ্জ হবে—কোন্দলে বিপর্যস্ত বিএনপিকে এক কাতারে এনে নেতা-কর্মীদের চাঙা করা।
জানতে চাইলে, রাজশাহী নগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বলেন, ‘সিটি নির্বাচন নিয়ে এখনো সাংগঠনিকভাবে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী জাতীয় নির্বাচন এবং সিটি নির্বাচন নিয়ে আমাদের নেত্রী কাজ করছেন। তিনি সব তথ্য যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেবেন। তারপর আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব।’