কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে একক প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থায় রয়েছে বিএনপি। আর ‘বিদ্রোহী’ প্রার্থী নিয়ে বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ।
আগামী ৬ মার্চ অনুষ্ঠেয় এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন প্রার্থী। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম (নৌকা), উপজেলা বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলাম (ধানের শীষ) ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ সোহেল (আনারস)।
২০ ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত সরেজমিনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নেতা-কর্মী এবং ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। কেউ আবার আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। হোসেনপুর জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নির্বাচনী এলাকা।
আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, দল থেকে আটজন মনোনয়ন চেয়ে আবেদন করলেও মো. জহিরুল ইসলামকে সমর্থন দেওয়া হয়। কিন্তু দলের অনেকেই এটা মেনে নিতে পারেননি। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। প্রকাশ্যে না হলেও দলের অনেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ও অনেকটা সহানুভূতি থেকে প্রয়াত চেয়ারম্যানের ছেলে বিদ্রোহী প্রার্থী সোহেলের পক্ষে কাজ করছেন। সোহেলের বাবা আয়ুব আলী এই উপজেলা পরিষদের সর্বশেষ চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালের ২৯ নভেম্বর তিনি মারা যান।
এলাকার ২০-২৫ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির প্রার্থী মো. জহিরুল ইসলাম উপজেলা পরিষদ নির্বাচনে এই নিয়ে তৃতীয়বারের মতো লড়াই করছেন। এখানে দলের কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় নেতা-কর্মীরা ভেদাভেদ ভুলে এককাট্টা হয়ে কাজ করছেন। আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বের কারণে অনেক ভোট বিএনপির প্রার্থীর পক্ষে চলে যেতে পারে।
উপজেলার দ্বীপেশ্বর এলাকার ভোটার আবুল হাশেম ও নতুন আশুতিয়ার মো. কামাল মিয়া বলেন, ‘অতীতে যা-ই হয়েছে, এবার আমরা বুঝেশুনে ভোট দেব। আমরা দল দেখব না, যে ব্যক্তি এলাকার উন্নয়ন করবে তাঁকেই ভোট দেব।’
২০ ফেব্রুয়ারি বিকেলে আওয়ামী লীগের প্রার্থী মো. জহিরুল ইসলামের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি নাকচ করে তিনি দাবি করেন, দলের সব নেতা-কর্মী তাঁর সঙ্গে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। নির্বাচনে তাঁর বিকল্প প্রার্থী নেই। কারণ তাঁর দল ক্ষমতায়। তিনি এলাকার যে উন্নয়ন করতে পারবেন, অন্য কেউ নির্বাচিত হলে তা পারবে না।
আর বিএনপির প্রার্থী মো. জহিরুল ইসলাম বলেন, ‘আগের দুটি নির্বাচনের ফলাফল আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু এবার নতুন নির্বাচন কমিশনের অধীনে যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমার জয় সুনিশ্চিত।’
গত মঙ্গলবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ সোহেল অভিযোগ করেন, এখনই আওয়ামী লীগের প্রার্থী দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। ভোটারদের বিভ্রান্ত ও নানা রকম হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমার বাবা এই উপজেলার চেয়ারম্যানের পাশাপাশি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকায় বাবার খাতিরেই দলের অনেকে আমার পক্ষে আছেন। যদি ভোটের বাক্স ছিনতাই না হয় ও কেন্দ্রেই ফলাফল ঘোষণা দেওয়া হয়, তাহলে আমি জয়ী হব।’
রিটার্নিং কর্মকর্তা ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন বদ্ধপরিকর। এতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আচরণবিধি লঙ্ঘন করে ২০ ফেব্রুয়ারি মোটরসাইকেল শোভাযাত্রা বের করায় ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই অভিযোগে উপজেলা কৃষক লীগের সভাপতি মো. নজরুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।