ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একক প্রার্থী চূড়ান্ত করাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছে আওয়ামী লীগ। দলের নেতারা অনানুষ্ঠানিক আলোচনায় বলছেন, নানা কঠোর পদক্ষেপ সত্ত্বেও ২৩৪টি পৌরসভায় একক প্রার্থী দিতে পারেননি তাঁরা। আর প্রায় সাড়ে চার হাজার ইউপি চেয়ারম্যান পদে একক প্রার্থী দেওয়া প্রায় অসম্ভব।
গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে দায়িত্ব পালন করেছিলেন দলটির কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক। তিনি প্রথম আলোকে বলেন, ‘একক প্রার্থী ঠিক করা কঠিন হবে। তবে দলীয়ভাবে নির্বাচন হওয়ায় এটা আমাদের করতেই হবে। সমস্যা আসবে, সেটা সমাধানও করতে হবে।’
গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ৫৯ জন বিদ্রোহী প্রার্থী ছিলেন। অন্তত ২০টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থীর পেছনে স্থানীয় সাংসদ কিংবা দলের প্রভাবশালী নেতারা মদদ দিয়েছিলেন। দলের নেতারা মনে করেন, অন্তত ১০ থেকে ১২টি পৌরসভায় তাঁদের মেয়র প্রার্থীর হারের কারণ বিদ্রোহী প্রার্থী। সে জন্য দলের কেন্দ্রীয় নেতাদের আশঙ্কা, এবারের ইউপি নির্বাচনে স্থানীয় সাংসদদের সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা চেয়ারম্যানেরা ‘বাগড়া’ দিতে পারেন।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়নি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরপরই সব বিষয় নিয়ে আলোচনা শুরু হবে। তবে নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে, সুতরাং একক প্রার্থী দেওয়ার বিকল্প নেই।’
দলটির তিনজন নেতা বলেন, গত পৌরসভা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যে ‘স্থানীয় সরকার/পৌর মনোনয়ন বোর্ড’ করেছিল, সেটা এবার কিছুটা পরিবর্তন হতে পারে। সেখানে ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করার চিন্তা আছে আওয়ামী লীগের। তবে এটা এখনো আলোচনার পর্যায়ে। মূলত বোর্ড যেন একক প্রার্থী চূড়ান্ত করতে পারে, এটাই ভাবনা দলটির। এ ছাড়া পৌরসভা নির্বাচনের বোর্ডের প্রধান ও মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ইউপি নির্বাচনের এত বিশালসংখ্যক চেয়ারম্যান প্রার্থীর তিনি ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হবেন কি না, সেটা নিয়েও দলের মধ্যে একধরনের আলোচনা আছে।
আওয়ামী লীগের তিনজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে আলাপচারিতায় তাঁরা বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করা নিয়ে গত পৌরসভা নির্বাচনে তাঁদের অভিজ্ঞতা হয়েছে। তবে একক প্রার্থী চূড়ান্ত করতে পারেননি তাঁরা। সাড়ে চার হাজার ইউপি নির্বাচনে একক প্রার্থী কীভাবে করা হবে, সেটা ভাবনায় ফেলেছে দলটিকে। তবে তাঁরা জেনেছেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে যাঁরা প্রার্থী হতে ইচ্ছুক, তাঁরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করলে স্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় অথবা স্থানীয়ভাবে চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দলের কে কোন ইউনিয়নের প্রার্থী হবেন, তাঁরা স্থানীয়ভাবে প্রচারও শুরু করেছেন।
জানতে চাইলে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের প্রথম আলোকে বলেন, চেয়ারম্যান পদে কারা নির্বাচনে প্রার্থী হবেন, সেটা নিয়ে তো আলোচনা চলছেই। সবাই প্রচার চালাচ্ছেন। তবে সেটা এখনো প্রকাশ্যে নয়।
তবে খুলনা বিভাগের একটি জেলা আওয়ামী লীগের সভাপতি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তাঁর জেলায় নিজ নিজ অনুসারী চেয়ারম্যান প্রার্থীদের মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এখন কেন্দ্র কী করে, সেটা দেখার বিষয়।