একক প্রার্থীতে স্বস্তি বিএনপির, 'বিদ্রোহী'তে বেকায়দায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দিন যত এগিয়ে আসছে, প্রার্থীদের ব্যস্ততা-গণসংযোগ ততই বাড়ছে। এখানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আকমল হোসেন। একই পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ (আনারস প্রতীক)। বিএনপির প্রার্থী হলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আতাউর রহমান। ৬ মার্চ এ নির্বাচন হবে।
‘বড় পদের (চেয়ারম্যান) তিনজন সবার পরিচিত। গত নির্বাচনে আকমল সাব ও আতাউর সাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অইছে। ইবার পয়লা মনে করছিলাম গত বারের মতো অইব। এখন দেখলাম, তিনজনই সমান ফাইট দিবা।’ গত বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে রেস্তোরাঁকর্মী এলাইছ মিয়া এমন আভাস দিলেন।
উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী আঙ্গুর মিয়া বলেন, প্রার্থীরা দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে তেমন কোনো উত্তাপ নেই। এই সময়টায় হাওরের বোরো ফসল নিয়েই বেশি ব্যস্ত থাকে মানুষ। একই এলাকার বাগময়না গ্রামের বাসিন্দা মাহতাব উদ্দিন বলেন, এখানে ভেতরে ভেতরে বড় দুই দলেই সমস্যা আছে। আওয়ামী লীগের দুই নেতা প্রার্থী হলেও মানুষ নৌকা-ধানের শীষে ভাগ হয়ে আছে। তারপরও বলা যায় না কী হয়। ইসলামপুর গ্রামের আবদুল করিম বলেন, আকমল হোসেন ও আতাউর রহমান দুজনই এক বয়সের, রাজনীতিতে অভিজ্ঞ। অন্যদিকে মুক্তাদীর বয়সে তরুণ। তাঁকে নিয়ে তরুণদের মাঝে একটা আগ্রহ আছে। তাই কাউকেই খাটো করে দেখার সুযোগ নেই।
দলীয় নেতা-কর্মীরা বলছেন, ‘বিদ্রোহী’ নিয়ে কিছুটা বেকায়দায় আছে আওয়ামী লীগ। যে কারণে মুক্তাদীর আহমদকে তড়িঘড়ি করে গত ২১ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগ দল থেকে বহিষ্কার করে। যদিও মুক্তাদীর জানিয়েছেন, তাঁকে বহিষ্কার করার ক্ষমতা উপজেলা আওয়ামী লীগের নেই। অন্যদিকে বিএনপিতে বিভক্তি থাকলেও দলটি একক প্রার্থীর সুবিধায় আছে বলে মনে করছেন তাঁরা। তাই বিভক্তির কথা অস্বীকার করে সুবিধার কথাই বললেন উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ।
দলীয় নেতা-কর্মী আর ভোটারদের নানা মত থাকলেও তিন প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী। আকমল হোসেন বলেন, ‘দলের সব নেতা-কর্মী নৌকার পক্ষে। যিনি বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তাঁকে বহিষ্কার করায় এখন তাঁর সঙ্গে কেউ নেই। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ আতাউর রহমানের এক কথা, যদি নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট হয় তাহলে ধানের শীষের জয় কেউ ঠেকাতে পারবে না। আর মুক্তাদীর আহমদ বললেন, ‘মানুষ পরিবর্তন চায়। আমি দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা পাচ্ছি। আশা করি, আমি জয়ী হব।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বিজন কুমার দে, বিএনপির সোহেল আহমদ খান, জমিয়তে উলামায়ে ইসলামের সৈয়দ ছলিম আহমদ, স্বতন্ত্র কামাল উদ্দিন ও ফয়জুল হক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হাজেরা বারী, বিএনপির ফারজানা আক্তার ও স্বতন্ত্র সুফিয়া খানম সাথী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬৭ হাজার ৪৯৯। এর মধ্যে পুরুষ ৮৩ হাজার ৬৯২ এবং মহিলা ৮৩ হাজার ৮০৭ জন। ভোট কেন্দ্র ৮৭টি।