জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বিরোধিতায় তিন সিটি নির্বাচনে গতকাল মঙ্গলবার একক মেয়র প্রার্থী ঘোষণা করতে পারেনি ১৪ দল। কাল বৃহস্পতিবার ১৪ দলের আবার বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠক থেকে একক মেয়র প্রার্থী ঘোষণা করা হবে। সে পর্যন্ত জাসদকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সময় দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠক হয়। বৈঠক সূত্র জানায়, সাম্যবাদী
দলের দিলীপ বড়ুয়া তিন সিটি নির্বাচনে একক মেয়র প্রার্থী অনুমোদন করার প্রস্তাব দেন। তখন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া এ প্রস্তাবের বিরোধিতা করেন। তিনি বলেন, মেয়র প্রার্থী উন্মুক্ত রাখা হোক। কারণ ঢাকা উত্তর ও দক্ষিণে জাসদের প্রার্থী আছে।
এ পর্যায়ে দিলীপ বড়ুয়া চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র প্রার্থী আ জ ম নাছিরকে ১৪ দলের প্রার্থী হিসেবে ঘোষণার প্রস্তাব করেন। তখন শরীফ নূরুল আম্বিয়া বলেন, চট্টগ্রামে ১৪ দলের কোনো অস্তিত্ব নেই বলে নাছির মন্তব্য করেছেন। এ পর্যায়ে চট্টগ্রামের ১৪ দলের সঙ্গে আলোচনা করে সমর্থন চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়।
তবে বৈঠকে তিন সিটিতেই মেয়র ও কাউন্সিলর পদে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়। জাসদ উন্মুক্ত রাখার প্রস্তাব দিলেও অন্যরা তাতে সাড়া দেয়নি। কোনো কোনো শরিক দল কাউন্সিলর পদে তাদের প্রার্থী চায়। তখন আওয়ামী লীগের পক্ষ থেকে তালিকা দেওয়ার কথা বলা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে সমর্থন চূড়ান্ত করা হবে।
মোহাম্মদ নাসিমের ব্রিফিং: বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত আপাতত পিছু হটলেও চক্রান্ত এখনো অব্যাহত আছে। তাই সব ভেদাভেদ ভুলে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন ও সংগ্রামের মাঠে একসঙ্গে থাকবে ১৪-দলীয় জোট। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী হিসেবে শেখ হাসিনা যাঁকে সমর্থন দেবেন, তাঁর পক্ষেই কাজ করবে ১৪ দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি।
বৈঠকে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে ব্লগার ওয়াশিকুর রহমান হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ ছাড়া বৈঠকে বিএনপি-জামায়াত জোটের চলমান নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী এবং সাতক্ষীরায় ১৪ দলের সমাবেশ করার সিদ্ধান্ত হয়।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ, আওয়ামী লীগের দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, হাছান মাহমুদ, দিলীপ বড়ুয়া, শরিফ নূরুল আম্বিয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায় প্রমুখ।