এককভাবে লড়বে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভার মতো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকেরা আলাদাভাবে অংশ নেবে। আওয়ামী লীগ নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য আজ মঙ্গলবার বৈঠক ডেকেছে। তবে গত পৌর নির্বাচনের অভিজ্ঞতা সুখকর না হলেও শরিক দলগুলো নিজেদের অস্তিত্বের জন্য আলাদা প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ ও ১৪ দলের একাধিক শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানায়, ইউপি নির্বাচনে তৃণমূল থেকে প্রার্থী প্রস্তাবের সুযোগ দেওয়া হবে। চূড়ান্ত করা হবে কেন্দ্রীয়ভাবে। আর দলীয় বৈঠকের পর ১৪ দলের শরিকদের সঙ্গে বসে আলাদা নির্বাচনের সিদ্ধান্ত জানিয়ে দেবে দলটি।
জানতে চাইলে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন বোর্ডের সদস্য ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, জোটগতভাবে ইউপি নির্বাচনের কোনো সুযোগ নেই। আলাদা নির্বাচন হলে শরিকেরাও নিজেদের শক্তি ও দুর্বলতা জানতে পারবে। সে অনুযায়ী দল গোছাতে পারবে। আর জোট হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য।
১৪ দলের শরিক দলের অন্তত পাঁচজন শীর্ষ নেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা বলেন, পৌর নির্বাচন সমঝোতার ভিত্তিতে করার আগ্রহ ছিল শরিকদের। কিন্তু আওয়ামী লীগ সাড়া দেয়নি। এ জন্য তাঁদের মধ্যে কিছুটা অভিমান আছে। এবার আগ বাড়িয়ে শরিকেরা জোটগতভাবে নির্বাচনের প্রস্তাব দেবে না। জাসদ ইউপি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে গত শনিবার জাতীয় কমিটির বৈঠক করেছে। ওয়ার্কার্স পার্টি আগামী ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছে। অন্য শরিকেরাও নির্বাচনে কোথায় কোথায় প্রার্থী দেওয়া যায়, তা আলোচনা করছে।
সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ আওয়ামী লীগের কয়েকটি শরিক দল মেয়র পদে প্রার্থী দিলেও একটিতেও জিততে পারেনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যসহ কেন্দ্রীয় কমিটির তিনজন নেতা বলেন, আওয়ামী লীগ সকল পর্যায়েই বিপুল সংখ্যায় নিজেদের নির্বাচিত প্রতিনিধি রাখতে চায়। কারণ, এর ফলে প্রশাসনের ওপর আওয়ামী লীগের নিয়ন্ত্রণ শক্ত হবে। তৃণমূলে দলও চাঙা হবে। তাঁরা মনে করেন, ইউপি নির্বাচনে দলের প্রার্থীদের সামলানোই কঠিন হবে। ফলে জোটগত নির্বাচন হলে কেউ মানবে না। এ জন্য পৌর নির্বাচন জোটগতভাবে হয়নি। ওই নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে শরিকদের হিস্যা কী হবে, সেটা জানার জন্যও পৌর ও ইউপি নির্বাচনের ফল জানতে চায় আওয়ামী লীগ। আলাদা নির্বাচন না করলেও তো তা জানা যাবে না।
অবশ্য শরিকদের দায়িত্বশীল নেতারা বলছেন, পৌরসভা নির্বাচন ও এর আগে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচন থেকে এটা পরিষ্কার যে, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। দলের তৃণমূলের অনেকেই বলছে, এভাবে নির্বাচন করে কী লাভ? হার-জিত যা-ই হোক সুষ্ঠু নির্বাচন না হলে দলের শক্তি-দুর্বলতা বোঝা যায় না। সুষ্ঠু নির্বাচনের ফল দেখে কোথায় জোর দিতে হবে, সেই পরিকল্পনা নেওয়া যেত।
জানতে চাইলে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া প্রথম আলোকে বলেন, গত শনিবার দলের জাতীয় কমিটির বৈঠকে পৌরসভায় যেসব প্রার্থী অংশ নিয়েছিলেন, তাঁদের অভিজ্ঞতা শোনা হয়েছে। নেতিবাচক-ইতিবাচক সব অভিজ্ঞতাই আছে। এরপরও বৈঠকে ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে এককভাবে অংশ নেওয়ার পরিকল্পনা ধরেই প্রস্তুতি চলছে।
শরিক নেতারা আরও বলেন, ২০০১ সালের পর নিজ দলের প্রতীকে নির্বাচন করার সুযোগ হয়নি তাঁদের। ২০০৮ ও ২০১৪ সালের সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের সব শরিক নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিল। এমনিতেই নির্বাচনী রাজনীতিতে ১৪ দলের শরিকদের অবস্থান মাঠপর্যায়ে তেমন ভালো নয়। দীর্ঘদিন এভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কারণে দলগুলোর স্বকীয়তা হারিয়ে যেতে বসেছে। এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচনের আগে নিজ নিজ প্রতীকে ইউপি নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তৃণমূলে দলগুলোর ভিত্তি তৈরি সুযোগ সৃষ্টি করবে। এ জন্যই আলাদাভাবে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।
একটি শরিক দলের দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পৌর নির্বাচনে কয়েকটি পৌরসভায় শরিকদের প্রার্থীদের সম্ভাবনা ছিল। আওয়ামী লীগ কিংবা প্রশাসন সেখানে নিরপেক্ষ আচরণ করেনি। বিএনপি বা বিরোধী পক্ষের প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের সঙ্গে যেমন আচরণ করা হয়েছে, ১৪ দলের শরিকদের সঙ্গেও একই আচরণ করা হয়েছে। এ জন্য এবার আগে থেকেই শরিকেরা নিজেদের প্রস্তুতি নেওয়া শুরু করেছে।
জানতে চাইলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনে অংশ নিতে তাঁদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী ৬ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। ইউপি নির্বাচনই ওই বৈঠকের মূল আলোচ্য বিষয়।
১৪ দলের শরিকদের মধ্যে অন্তত আটটির নির্বাচন কমিশনের নিবন্ধন রয়েছে। এসব দলের আলাদা আলাদা প্রতীকও রয়েছে। আওয়ামী লীগের বাইরে অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির দলীয় প্রতীক হাতুড়ি, জাসদের মশাল, জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল, গণতন্ত্রী পার্টির কবুতর, সাম্যবাদী দলের চাকা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির কুঁড়েঘর, তরীকত ফেডারেশনের ফুলের মালা।