ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে একগুচ্ছ দাবি নিয়ে আজ বুধবার নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং তার আগে নেতা-কর্মীদের নির্বিঘ্নে নির্বাচনী প্রচারে অংশ নিতে কমিশনের হস্তক্ষেপ চাইবে বিএনপি। দলের দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও জমির উদ্দিন সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ নির্বাচন কমিশনে যেতে পারে। তাঁরা নির্বাচনী প্রচারে সম-অধিকার এবং গণসংযোগ ও সভা-সমাবেশের ক্ষেত্রে সবার সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানাতে পারেন।
এ ছাড়া কারাবন্দী নেতাদের মুক্তি, গ্রেপ্তার অভিযান বন্ধ, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া, অবৈধ অস্ত্র উদ্ধার ও বৈধ অস্ত্র জমা নেওয়া, মেয়র ও কাউন্সিলরসহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেতা-কর্মী ও নির্বাচনী এজেন্টদের গ্রেপ্তার না করা, আচরণবিধি ভঙ্গ করার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, ভোট জালিয়াতির অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া ইত্যাদি দাবি নির্বাচন কমিশনকে জানানো হবে বলে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে।
এদিকে ‘শত নাগরিক জাতীয় কমিটির’ ব্যানারে বিএনপির এই নির্বাচনে অংশগ্রহণ করাকে ভালো চোখে দেখছে না সম্মিলিত পেশাজীবী সংগঠন। এই সংগঠনটি নির্বাচন পরিচালনায় যুক্ত হতে আগ্রহ দেখাচ্ছে। এ নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং দলের বুদ্ধিভিত্তিক মহল কিছুটা বিব্রত বলে জানা গেছে। গত সোমবার রাতে পেশাজীবী পরিষদের কয়েকজন নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এরপর থেকে শত নাগরিকের ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কথা ওঠে।
অধ্যাপক এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের নয় সদস্যের একটি দল গত ২০ মার্চ খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। দলীয় সূত্র জানায়, ওই বৈঠকে চেয়ারপারসন এমাজউদ্দীন আহমদ ও সাংবাদিক মাহফুজুল্লাহকে নির্বাচনে অংশ নিতে একটি প্লাটফরম বা মঞ্চের নাম ঠিক করার দায়িত্ব দেন। তার আগে ১৮ মার্চ চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। এই দুটি বৈঠকের পর সিটি নির্বাচনের ব্যাপারে বিএনপি ইতিবাচক মনোভাব দেখায়। এরপর ২৮ মার্চ খালেদা জিয়ার সঙ্গে ফিরতি বৈঠকে সিদ্ধান্ত হয়, বিএনপির প্রার্থীরা শত নাগরিকের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন। আগামী ৩ এপ্রিল সংবাদ সম্মেলন ডেকে সংগঠনটির প্রার্থী ঘোষণার কথা রয়েছে।
বিএনপির নেতারা বলছেন, শত নাগরিক কমিটি একটি বুদ্ধিভিত্তিক ফোরাম। এর কর্ণধার সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। এ ছাড়া সংগঠনটিতে বিভিন্ন পেশার বিশিষ্ট নাগরিকেরা আছেন। এ কারণে বিএনপির শীর্ষ নেতৃত্ব শত নাগরিকের ব্যানারে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু পেশাজীবী পরিষদের কয়েকজন নেতা এতে আপত্তি করছেন বলে চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র জানায়।
এ বিষয়ে জানতে চাইলে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন গাজী প্রথম আলোকে বলেন, ‘শত নাগরিকের সাংগঠনিক কাঠামো নেই। নির্বাচন পরিচালনায় তাদের অভিজ্ঞতা নেই। অন্যদিকে পেশাজীবী পরিষদে ১৭টি সংগঠন আছে। এ জন্য আমরা পেশাজীবী পরিষদের সমন্বয়ে নতুন নামে নির্বাচনের পক্ষে।’ তাঁর দাবি, শত নাগরিকের অনেক আগে থেকে তাঁরা নির্বাচনে যাওয়ার পক্ষে কথা বলছেন। কারণ, নির্বাচনে না গেলে সরকারের মুখোশ উন্মোচন হবে না।
জানতে চাইলে শত নাগরিকের জ্যেষ্ঠ সদস্য সাংবাদিক মাহফুজউল্লাহ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কথা বলার অথরিটি কেবল অধ্যাপক এমাজউদ্দীন আহমদের। নানাজনে কথা বললে বিভ্রান্তির সৃষ্টি হয়।’
গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যায় এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে শত নাগরিকের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, মাহবুবউল্লাহ, সুকোমল বড়ুয়া, মাহফুজউল্লাহ প্রমুখ।
ঢাকা চট্টগ্রাম ছাড়া সারা দেশে কাল হরতাল: অবরোধের সঙ্গে কাল বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে ২০-দলীয় জোট। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগর হরতালের আওতামুক্ত থাকবে। এ ছাড়া আজ বুধবার সারা দেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সব মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে। গতকাল এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ এ কর্মসূচির ঘোষণা দেন।