একজন যোগ্য ও সৎ ব্যক্তি হারালাম: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনানীতে আনিসুল হকের বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে তোফায়েল আহমেদ। ছবি: ফোকাস বাংলা
বনানীতে আনিসুল হকের বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে তোফায়েল আহমেদ। ছবি: ফোকাস বাংলা

সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের শূন্যতা কোনোভাবে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আমরা একজন যোগ্য ও সৎ ব্যক্তিকে হারালাম।’

আনিসুল হকের মরদেহ লন্ডন থেকে আজ শনিবার দুপুরে দেশে আসার পর তাঁর বনানীর ২৩ নম্বর রোডের বাসায় শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, আনিসুল হক সততার সঙ্গে মহানগর উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব পালন করেছেন। সততা থেকে কখনো পিছ পা হতেন না তিনি। মানুষের বিপদে সব সময় এগিয়ে যেতেন।

তোফায়েল আহমেদ বলেন, ১৯৯৬ সালের নির্বাচনের আগে তিনি টেলিভিশনে ‘সবিনয় জানতে চাই’ নামের অনুষ্ঠানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমিসহ তিনজন ছিলাম। সেখানে তিনি আমাদের একের পর এক প্রশ্ন করেছিলেন। তিনি একজন দক্ষ সংগঠক, ব্যবসায়ী। বিপদে আপদে তাঁর কাছে গেলে তিনি সবাইকে সাধ্যমতো সহযোগিতা করতেন। ব্যবহার ছিল অমায়িক। সবাইকে আপন করে নিতেন। তার মানবিক গুণ, সততা ও যোগ্যতা ছিল। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়। যত দিন ঢাকা মহানগর থাকবে তত দিন তিনি সবার মনে বেঁচে থাকবেন।

ব্যক্তিগতভাবে এই বর্ষীয়ান নেতা আনিসুল হকের কাছে ঋণী উল্লেখ করে বলেন, আমি যখন বিভিন্ন সময় জেলে ছিলাম, তিনি তখন আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবার যুক্তরাজ্যে যান আনিসুল হক। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে মস্তিষ্কের প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাসকুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকেরা। এরপর তাঁকে দীর্ঘদিন আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। একপর্যায়ে মেয়রের শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তাঁর কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেওয়া হয়।

মঙ্গলবার মেয়রের পরিবারের একজন সদস্য বলেন, রক্তে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে আবার আইসিইউতে নেওয়া হয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মেয়রকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি, ব্যবসায়ী ও একসময়কার জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব আনিসুল হক ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ১৯৫২ সালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তবে তাঁর শৈশবের একটি বড় সময় কাটে ফেনীর সোনাগাজী উপজেলায় নানার বাড়িতে।

আশি ও নব্বইয়ের দশকে টিভি উপস্থাপক হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন আনিসুল হক। তাঁর উপস্থাপনায় ‘আনন্দমেলা’ ও ‘অন্তরালে’ অনুষ্ঠান দুটি জনপ্রিয়তা পায়। তবে পরে টেলিভিশনের পর্দায় মানুষ তাঁকে বেশি দেখেছিল ব্যবসায়ী নেতা হিসেবেই। ২০০৫-০৬ সালে বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালনের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি হন তিনি। ২০১০ থেকে ২০১২ সাল মেয়াদে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্বও পালন করেন আনিসুল হক।