একটি কেন্দ্রে ৮৭টি জাল ব্যালট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে সদস্য পদের একজন প্রার্থীর মার্কায় সিল মারা ৮৭টি জাল ব্যালট পাওয়া গেছে। গতকাল সোমবার ভোট গ্রহণ শেষে গণনাকালে বিষয়টি ধরা পড়ে। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রে গিয়ে এসব জাল ব্যালট ছিঁড়ে ফেলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গজারিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডের কীর্তনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার পর প্রদত্ত ভোটের চেয়ে ৮৭টি ভোট বেশি পাওয়া যায়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুঠোফোনে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানান। রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম রাতে গিয়ে আবারও ভোট গণনা করেন। আবারও ৮৭টি ভোট বেশি পাওয়া যায়। পরে ব্যালটগুলো যাচাই-বাছাই করা হয়। একপর্যায়ে তাঁরা ইউপি সদস্য পদে লুৎফর রহমানের বল মার্কায় সিল মারা ৮৭টি জাল ব্যালট শনাক্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ব্যালটগুলোর রং একটু হালকা। ক্রমিক নম্বরের সঙ্গে নির্বাচন কমিশনের দেওয়া ব্যালটের কোনো মিল নেই। তবে দেখতে একই রকম। ব্যালটের পেছনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সিলসহ স্বাক্ষর থাকলেও ওই কেন্দ্রের কোনো কর্মকর্তার স্বাক্ষরের সঙ্গে মিল ছিল না। পরে এসব ব্যালট অবৈধ ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, নকল ব্যালটগুলো বল মার্কার ভোটাররা গোপনে সঙ্গে এনে বৈধ ব্যালটের সঙ্গে বাক্সে ফেলেছেন।
ফুটবল মার্কার প্রার্থী লুৎফর বলেন, ‘শুনেছি, আমার ফুটবল মার্কার ৮৭টি জাল ব্যালট ওই বাক্সে পাওয়া গেছে। তবে এটা কে বা কারা করেছেন, তা আমার জানা নেই।’ তিনি বলেন, ‘গত বছর মাত্র ৫০ ভোটে আমি হেরেছিলাম। এবার ১২১ ভোটে হেরেছি। ওই কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়নি।’
রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ওই ব্যালটগুলো জাল থাকায় তা ছিঁড়ে ফেলা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগির ওই প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।