একটি গোষ্ঠী দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে। ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট করতে চাচ্ছে।
আজ রোববার সকালে রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার রামেরকান্দা এলাকায় ইস্পাহানি বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী এবং উচ্চ মাধ্যমিক ও স্নাতক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের দেওয়া হরতাল-অবরোধের কারণে এসএসসি পরীক্ষা এখনো শেষ হচ্ছে না। তাঁরা আগুন নিয়ে খেলছে, আগুন দিয়ে মানুষ মারছে এবং দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে সুস্থ রাজনীতিতে ফিরে আসার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। বিএনপিকে এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সাবেক যুগ্ম সচিব ও ইস্পাহানি বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদের সদস্য নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইস্পাহানি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফতাব উদ্দিন, পরিচালনা পর্ষদের দাতা সদস্য শেখ শাহাবুদ্দিন শাহ, পরিচালনা পর্ষদের সদস্য ও ঢাকা জেলা যুবলীগ সভাপতি সফিউল আজম খান প্রমুখ।