জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) ছাড়া ঠাকুরগাঁও জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব কমিটিই মেয়াদোত্তীর্ণ। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় এসব সংগঠনের পদবঞ্চিত কর্মীরা নিজেদের গুটিয়ে রাখছেন। ফলে কমিটিগুলো সাংগঠনিকভাবে অকার্যকর হয়ে পড়ছে বলে মনে করছেন নেতা-কর্মীরা।
জেলা বিএনপির সাবেক সহসভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরী বলেন, সংগঠনে নিয়মিত সম্মেলন হলে নতুন নেতৃত্ব বেরিয়ে আসে। পরে এসব নেতাই অন্য সংগঠনের হাল ধরেন। কিন্তু ঠাকুরগাঁওয়ের ক্ষেত্রে এমনটি হচ্ছে না। ফলে সংগঠনগুলোর নেতৃত্বে ঘাটতি দেখা দিয়েছে।
দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রদল ও শ্রমিক দল বিএনপির সহযোগী সংগঠন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতি দল, ওলামা দল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) অঙ্গসংগঠন। এসব সহযোগী ও অঙ্গসংগঠনের কমিটির মেয়াদ তিন বছর। কিন্তু জাসাস ছাড়া সবগুলো কমিটিই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। শুধু দুই বছর আগে জাসাস কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি বেলাল হোসেন।
জেলা বিএনপি: ২০০৯ সালে সর্বশেষ সম্মেলন করে কমিটি গঠন করা হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতি ও তৈমুর রহমান সাধারণ সম্পাদক হন। ওই বছরই মির্জা ফখরুল দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের পদ পান। পরে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব ও গত এপ্রিলে মহাসচিব হন। এরপর তিনি জেলা বিএনপির সভাপতির পদ ছেড়ে দেন।
তৈমুর রহমান বলেন, দুই মাস হলো তাঁকে আহ্বায়ক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিলুপ্ত কমিটির সব সদস্যকে এ কমিটির সদস্য করা হয়েছে। কমিটির সদস্যসংখ্যা ১৫১ জন। সম্মেলন আয়োজনের প্রক্রিয়া চলছে।
১৪ বছর পুরোনো ছাত্রদল: ২০০২ সালের সম্মেলনে রাশেদুল আলমকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি করা হয়। এ কমিটির প্রায় সবাই এখন বিবাহিত ও ব্যবসায়ী। গত ১০ সেপ্টেম্বর মির্জা ফখরুলের সঙ্গে অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভায় আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় জেলা ছাত্রদলে স্থবিরতা নেমে এসেছে। ছাত্রদের নিয়ে আন্দোলন গড়ে তোলা যাচ্ছে না। এরপর মির্জা ফখরুল ছাত্রদলের নেতা-কর্মীদের ডেকে নিজেই আগামী ১২ নভেম্বর সম্মেলনের দিন নির্ধারণ করে দেন। কিন্তু ঘোষিত দিনে সম্মেলন আয়োজন করা যাবে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন আমিনুল ইসলামও।
মেয়াদ নেই শ্রমিক দলেরও: জেলা শ্রমিক দলের সবশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। এতে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল জব্বার সভাপতি ও ওবায়দুল হক সাধারণ সম্পাদক হন।
যুবদলের প্রাণে স্পন্দন নেই: জেলা যুবদলের সর্বশেষ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল ২০১০ সালে। এ কমিটির আহ্বায়ক চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুর ও সদস্যসচিব মাহবুব হোসেন। ছয় বছর পেরিয়ে গেলেও সম্মেলন করতে পারেনি কমিটি। গত ১০ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সফরে এসে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এক সভায় জেলা যুবদলের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে তিনি নিজেই ৮ অক্টোবর সংগঠনটির সম্মেলনের দিন ঘোষণা করেন। এরপরও সম্মেলন হয়নি।
এ বিষয়ে চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুর বলেন, দিনটি দুর্গাপূজার মধ্যে পড়ে যাওয়ায় সম্মেলন স্থগিত করতে হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে যুবদলের একাধিক কর্মী বলেন, যুবদল বিএনপির প্রাণ। এখানে সেই প্রাণেরই স্পন্দন নেই। কর্মীরা দলীয় পরিচয়হীন থাকায় নিজেদের রাজনীতি থেকে দূরে সরিয়ে নিয়েছেন।
কৃষক দলের কার্যক্রম নেই: ২০০৬ সালে সম্মেলন করে আনোয়ারুল হককে সভাপতি ও মো. জাফরুল্লাহকে সাধারণ সম্পাদক করে জেলা কৃষক দলের কমিটি গঠন করা হয়। তবে সংগঠনটির তেমন কর্মসূচি দেখা যায়নি। এ জন্য মো. জাফরুল্লাহ সরকারের দমন-পীড়নকে দায়ী করেন।
কমিটির কথা মনে নেই মহিলা দলের আহ্বায়কের: জেলা মহিলা দলের কমিটি কবে গঠন করা হয়েছিল তা ঠিক করে বলতে পারেননি দলের আহ্বায়ক ফোরাতুন নাহার। তিনি বলেন, কমিটি পাঁচ-ছয় বছর আগে গঠন হতে পারে। সে সময় তাঁকে আহ্বায়ক ও মৌসুমি রহমানকে যুগ্ম আহ্বায়ক পদের দায়িত্ব দেওয়া হয়। ফোরাতুন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং মৌসুমি একটি এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে মৌসুমি রহমান জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক পদে থাকার কথা অস্বীকার করে বলেন, ‘আমি কমিটিতে আছি, এমন প্রমাণ বিএনপি দেখাতে পারবে না।’
একই অবস্থা মুক্তিযোদ্ধা দলেও: জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. নুর করিম বলেন, কত সালে সংগঠনের দায়িত্ব পেয়েছিলাম, সালটি ঠিক মনে নেই। হবে হয়তো ১৫-২০ বছর। অসুস্থতার কারণে এখন আর খুব একটা সময় দিই না।’
নামকাওয়াস্তের অঙ্গসংগঠন: বিএনপির অন্যান্য সংগঠনের মধ্যে দিবসভিত্তিক কর্মসূচিতে জাসাসের কার্যক্রম দেখা মেলে। স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল ও ওলামা দলের কর্মকাণ্ড নেই বললেই চলে। এগুলোর বেশির ভাগেরই কমিটি ১০ বছরেরও বেশি পুরোনো।
এসব বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান বলেন, নিয়মিত সম্মেলন হলে সংগঠনে গতি আসে। সে উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন জেলা বিএনপির সম্মেলনের প্রক্রিয়া চলছে। এরপরই সব অঙ্গ ও সহযোগী সংগঠনের দিকে নজর দেওয়া হবে।