একটি মহল কোটা আন্দোলনের নামে দেশে স্থিতিশীলতা নষ্টের পাঁয়তারা করছে: নাসিম

কোটা আন্দোলনের নামে একটি মহল দেশের স্থিতিশীলতা নষ্টের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার সিরাজগঞ্জের কাজীপুরে আমেনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশের শান্তি ও উন্নয়ন বিঘ্নিত হয়। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে কোটাপদ্ধতি বাতিলের কথা বলেছেন। একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কোটাপদ্ধতি বাতিল হবে। এর জন্য সময় লাগবে। কিন্তু এটাকে পুঁজি করে একটি মহল দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের পাঁয়তারা করছে।
এ সময় সাবেক সাংসদ তানভীর শাকিল, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন কাজী শামীম হোসেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।