মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের বর্তমান কার্যকরী কমিটির একটি সভাও হয়নি। এর মধ্যেই পেরিয়ে গেছে কমিটির মেয়াদ। কেন্দ্রের অনুমোদিত পূর্ণাঙ্গ জেলা কমিটি নিয়ে মতবিরোধের কারণেই এমনটি ঘটেছে বলে দলের নেতারা জানিয়েছেন।
প্রায় নয় বছর ধরে দুই ধারায় বিভক্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ। অন্য অংশের নেতৃত্বে আছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
জেলা আওয়ামী লীগের নেতারা জানান, ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু অভ্যন্তরীণ বিভেদের কারণে কমিটি হয়নি। চার মাস পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই কাউন্সিলেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতা নির্বাচন করা হয়। সভাপতি হন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নেছার আহমদ। সভাপতি পদে আবদুস শহীদের প্রতিদ্বন্দ্বী ছিলেন সৈয়দ মহসিন আলী। সাধারণ সম্পাদক পদে নেছার আহমদের প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুল ওয়াদুদ। তখন সমঝোতার ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে দলে বিরোধ, সরকারবিরোধী আন্দোলন শুরু এবং তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসায় রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ হলে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া পিছিয়ে যায়। পরে দুই পক্ষ পৃথক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠায়। দুই তালিকা মিলিয়ে ২০১০ সালের ৯ অক্টোবর কেন্দ্র থেকে একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু কমিটি পছন্দ না হওয়ায় আবদুস শহীদ ও নেছার আহমদ দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে অনুমোদিত কমিটি পুনর্মূল্যায়নের অনুরোধ করেন। কিন্তু সংশোধিত কোনো কমিটি আর ঘোষণা করা হয়নি। তিন বছর মেয়াদি অনুমোদিত কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে দুই বছর আগে। মতবিরোধ থাকায় এর কোনো সভা ডাকা হয়নি। তবে ওই কমিটির পদবি ব্যবহার করে অনেকেই সভা-সমাবেশে বক্তব্য দিচ্ছেন।
এ অবস্থায় নেতা-কর্মীদের অনেকেই প্রথম আলোকে বলেছেন, আগের কমিটি সক্রিয় না হওয়ায় এবং নতুন কমিটি না করায় জেলায় নতুন নেতৃত্ব তৈরি হতে পারছে না। সাংগঠনিক কাজেও স্বাভাবিক গতি আসছে না। বিভক্তির কারণে প্রায় নয় বছর ধরে দুটি অংশ স্থানীয় ও জাতীয় কর্মসূচি পৃথকভাবে পালন করছে।
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর নেতৃত্বাধীন অংশ মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের বেরিরপাড় এলাকায় অবস্থিত তাঁর (সৈয়দ মহসিন আলী) বাড়িকে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে। জাতীয় ও কেন্দ্রঘোষিত বিভিন্ন কর্মসূচি সেখান থেকেই পরিচালনা করা হচ্ছে।
সৈয়দ মহসিন আলীর নেতৃত্বাধীন অংশের অন্যতম নেতা এবং অনুমোদিত জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা কমিটির সভাপতি মসুদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘কত বার জেলা কমিটির মিটিং ডাকার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটিকেও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু একবারও কার্যনির্বাহী কমিটির মিটিং ডাকা হয়নি। আমরা আমাদের অবস্থান থেকে যা যা করার করছি।’
শহরের চৌমোহনা এলাকায় জেলা আওয়ামী লীগের একটি কার্যালয় আছে। কিন্তু তা নিয়মিত খোলা হয় না। সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ কার্যালয়ে কর্মিসভা, বর্ধিত কর্মিসভা এবং বিভিন্ন দিবসের আলোচনা সভা করে থাকেন। তবে সাধারণ সম্পাদকসহ এই অংশের বেশির ভাগ নেতা-কর্মীকে সন্ধ্যার পর কার্যালয়ের পাশের একটি ফার্মেসিতে বসতে দেখা যায়।
নেছার আহমদ প্রথম আলোর কাছে স্বীকার করে বলেন, ‘কমিটি সক্রিয় না থাকার কিছুটা প্রভাব তো দলে পড়েছেই। পূর্ণাঙ্গ কমিটি কাজ করলে নতুন নেতৃত্ব সৃষ্টি হতো। কমিটির মেয়াদও এর মধ্যে চলে গেছে।’ তিনি বলেন, জেলা সম্মেলনের জন্য কেন্দ্র থেকে চাপ আছে। এরই মধ্যে বেশির ভাগ ইউনিয়নে সম্মেলন করা হয়েছে। তিনি বলেন, সাংসদ হওয়ার কারণে সভাপতিকে (আবদুস শহীদ) বেশির ভাগ সময় ঢাকায় থাকতে হয়। তবে সব সময় যোগাযোগ আছে। কোনো সমস্যা হয় না।