একতরফা খেলা হবে না: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মাঠে রেফারি-লাইনসম্যানসহ খেলে যাবে আর বিএনপিকে খেলতে দেবে না, এই একতরফা খেলা হবে না। সবার জন্য সমান সুযোগ ছাড়া খেলা হবে না। তিনি একটি নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন নিয়ে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
গতকাল বুধবার রাজধানীর তোপখানা সড়কে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই আহ্বান জানান। বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি ‘রাজনীতিতে গুণগত পরিবর্তন ও আগামীর নির্বাচন’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে। অন্যদের মধ্যে বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিএনপির সমর্থক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত আরেক আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ এবং স্বাধীন গণমাধ্যম একসঙ্গে যায় না। স্বাধীনতার পরবর্তী সময়ে এবং ১৯৯৬ সালে ক্ষমতায় গিয়ে দলটি সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে। এখন সেটি আরও বেড়েছে।