একদলীয় নির্বাচন করতে দেওয়া হবে না: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আগামী নির্বাচন একদলীয়ভাবে করতে দেওয়া হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তাহলে খুন, গুম, অত্যাচার, নির্যাতন ও বিনা বিচারে হত্যার জবাব নির্বাচনের মাধ্যমে দেবেন।

আজ শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, দলীয় সরকার ক্ষমতায় থাকলে নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। যখনই দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, তখন নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে পারে না, তার প্রমাণ ১৯৭৩ ও ২০১৪ সালের নির্বাচনে হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ বলেন, ‘সরকার নয় বছর আমাদের ওপর অনেক নির্যাতন, জুলুম করেছে। তার প্রতিকার অবশ্যই হবে। যদি সংলাপের মাধ্যমে সমঝোতা না হয়, তাহলে আন্দোলনের বিকল্প নেই। ভোটারবিহীন নির্বাচন আর করতে দেওয়া হবে না।’
বসুরহাট পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলেন সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ হাসনা জসিম উদ্দিন মওদুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই আলম, সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর আলম সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলায়েত হোসেন প্রমুখ।
উপজেলা বিএনপির বিদায়ী কমিটির সভাপতি আবদুল হাই সেলিম প্রথম আলোকে বলেন, সম্মেলনে উপস্থিত কাউন্সিলরেরা প্রধান অতিথি মওদুদ আহমদকে কমিটি ঘোষণার একক ক্ষমতা দিয়েছেন। তিনি পরবর্তী সময়ে আলোচনা করে নতুন কমিটির নাম ঘোষণা করবেন।