একদলীয় শাসন পোক্ত করতেই সংবিধান সংশোধন: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করার অভিলাষ থেকে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের কাছে নেওয়া হচ্ছে বলে মনে করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ক্ষমতাসীনরা অন্য রূপে বাকশাল কায়েমের জন্য সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন, সম্প্রচার নীতিমালার মতো কালো আইন প্রণয়নের কাজ করছে।’
গতকাল সোমবার মন্ত্রিসভায় ষোড়শ সংবিধান সংশোধন বিলের খসড়া অনুমোদন হওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরে আনার লক্ষ্যে সংবিধানের ষোড়শ সংশোধনীর উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা জনগণকে ভয় পায়। তাই এখন বন্দুকের জোরে তারা ক্ষমতায় থাকতে চায়। এ জন্য বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা নিজেদের কাছে রাখতে চায়। এর মাধ্যমে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায় এই অবৈধ সরকার। সম্প্রচার নীতিমালা করে মানুষের মত প্রকাশের অধিকার হরণ করতে চায়।’
কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারীসহ সংগঠনের কেন্দ্রীয় নেতা এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আসা নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং ২৪ আগস্ট রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।