একদলীয় শাসন পোক্ত করার চেষ্টা চলছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখনকার সবচেয়ে বড় সংকট হচ্ছে দেশে গণতন্ত্র নেই।
গতকাল রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।
‘দেশে গণতন্ত্র নেই’ এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘এর আগেও আমি বলেছিলাম, আজ আমাদের ওপর আক্রমণ হয়েছে, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ওপর আক্রমণ হয়েছে; কালকে আরেকজনের ওপর হবে। এটা ফ্যাসিজমের নিয়ম। আজকে দেখেন, ডেইলি স্টার আক্রান্ত হয়ে গেছে, মামলা হয়ে গেছে। অর্থাৎ একটার পর একটা। কেউ ছাড়া পাচ্ছে না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলের আসন্ন ষষ্ঠ কাউন্সিলের জায়গার অনুমতি এখনো তাঁরা পাননি। তিন হাজার কাউন্সিলরের জন্য বড় হলরুম প্রয়োজন। এ জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পেলে বিএনপির জন্য ভালো হয়। সেখানে অনুমতি পাবেন বলে নেতারা আশা করছেন।