একদিন পর বিএনপি প্রার্থীর 'ডিগবাজি'
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার একদিন পর আবার নির্বাচনে আছেন এবং শেষপর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন সাতকানিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী রফিকুল আলম। আজ সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নগরের চটেশ্বরী রোডের বাসভবনে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
এ সময় তাঁর পাশে মীর নাছির ছাড়াও বিএনপির কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে রফিকুলকে সাংবাদিকদের সঙ্গে বেশি কথা বলতে দেওয়া হয়নি। সংক্ষিপ্ত ব্রিফিং করে তাঁকে একটি গাড়িতে তুলে দেন মীর নাছির।
প্রেস ব্রিফিংয়ে রফিকুল আলম বলেন, সরকারি দলের ক্যাডারেরা আমাকে অস্ত্রের মুখে হুমকি দিয়ে বাধ্য করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আদায় করেছে। আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে ছিলাম আছি এবং শেষপর্যন্ত থাকব। গ্রেপ্তার করা হলেও আমি নির্বাচনে থাকব।
রফিকুল দাবি করেন, আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে। মামলা দেওয়া হয়েছে। আমাকে চাপ দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আদায় করা হয়েছে। এখনো চাপ রয়েছে বলে তিনি দাবি করেন।
তবে কে বা কারা হুমকি দিয়েছেন তাঁদের নাম বলতে অপারগতা প্রকাশ করেন রফিকুল আলম। আজ সোমবার শেষ নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন কি না—সাংবাদিকেরা জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, আমাদের প্রার্থীর জনপ্রিয়তা দেখে সরকারি দলের ক্যাডারেরা বিএনপি প্রার্থীকে ধরে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আদায় করেছে। তিনি নির্বাচনে আছেন। এটা সরকারি দল একটা নাটক করেছে।
উল্লেখ্য, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে নগরের প্রবর্তক মোড়ের একটি ব্যবসায়িক কার্যালয়ে বসে সংবাদ সম্মেলন করে রফিকুল আলম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর পর থেকে রফিকুল তাঁর ফোন বন্ধ রাখেন। ওই ঘোষণার পর রাতেই মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং রফিকুলের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক শেখ মোহাম্মদ মহিউদ্দিন দাবি করেন তাঁদের প্রার্থীকে ‘কিডন্যাপ’ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আদায় করা হয়েছে।