একপক্ষের কার্যালয় তিন ঘণ্টা দখলে রাখে অপরপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা আহমেদ আযম খানের পক্ষের কার্যালয় দখলে রাখা হয়

টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির একটি পক্ষ গতকাল রোববার তিন ঘণ্টা বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খানের পক্ষের কার্যালয় দখলে রাখে। এর আগে শনিবার রাতে ওই পক্ষ আহমেদ আযম খানের পক্ষের কার্যালয়ে ঢুকে তাঁর (আহমেদ আযম খান) ছবি নামিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় ও কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

এদিকে আহমেদ আযম খানের ছবি ভাঙচুর ও আগুন দেওয়ার প্রতিবাদে তাঁর পক্ষের লোকজন গতকাল সন্ধ্যায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন।
উপজেলা বিএনপির কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্র থেকে আহমেদ আযম খান প্রভাব খাটিয়ে উপজেলা কমিটি ঘোষণা দেওয়ার অভিযোগ এনে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিবের নেতৃত্বে একটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর (আহমেদ আযম খান) পক্ষের কার্যালয়ে ঢুকে তাঁর ছবি নামিয়ে কার্যালয়ের ভেতরেই আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা ওই কার্যালয়ে একটি তালা ঝুলিয়ে দিয়ে রাতেই পৌর শহরে ঝটিকা মিছিল করেন। পরে গতকাল বেলা ১১টার দিকে ওই পক্ষ আবার ওই কার্যালয়ের তালা খুলে তিন ঘণ্টা অবস্থান নিয়ে চলে আসে। এদিকে শেখ হাবিবের নেতৃত্বে তাঁর পক্ষ চলে এলে আহমেদ আযমের পক্ষ ওই কার্যালয়ে বসে সভা করে।
এ ব্যাপারে শেখ মোহাম্মদ হাবিব বলেন, দলের গঠনতন্ত্রবিরোধী কার্যক্রম, ঢাকায় বসে টাকার বিনিময়ে সংগঠনের পকেট কমিটি ঘোষণা এবং আওয়ামী এজেন্ট হিসেবে সম্পৃক্ত থাকায় দলীয় নেতা-কর্মীরা আহমেদ আযম খানের প্রতি ক্ষুব্ধ। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ‘আযম খান’মুক্ত সখীপুর দেখতে চান।
আহমেদ আযম খানের পক্ষের বর্তমান উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সাজু বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁরা বিএনপির কেউ না। অনেক আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তিন ঘণ্টা দলীয় কার্যালয় দখলে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি কার্যালয় দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দলীয় কার্যালয় সবার জন্য উন্মুক্ত। যে কেউ এসে বসে থাকতে পারেন। এখন বিকেল চারটা। আমরা কার্যালয়ে বসেই তো সভা করছি।’
জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।
প্রসঙ্গত, গত ২১ নভেম্বর সখীপুর উপজেলা মিলনায়তনে বিএনপির দুই পক্ষ একই স্থানে উপজেলা বিএনপির সম্মেলন করার ঘোষণা দিলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে আহমেদ আযমের পক্ষ মহানন্দপুর গ্রামে ও শেখ হাবিবের পক্ষ প্রতিমা বংকীতে সম্মেলন করে পৃথক দুটি কমিটি ঘোষণা করে।