একসঙ্গে কাজ না করলে ব্যবস্থা: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে কোনো পরিবর্তন আসছে না। কমিটির সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি কমিটির সবাইকে হুঁশিয়ার করে বলেছেন, ঐক্যবদ্ধভাবে কাজ না করলে বা কারও কারণে কমিটির কাজে বাধা সৃষ্টি হলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির সঙ্গে মতবিনিময় সভায় খালেদা জিয়া তাঁর এ মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। খালেদা জিয়ার এ মনোভাব বুঝতে পেরে কমিটির সদস্যদের কেউ কারও বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি। তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে দলীয় চেয়ারপারসনকে আশ্বস্ত করেছেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর কমিটির একজন যুগ্ম আহ্বায়ক প্রথম আলোকে বলেছেন, সভার শুরুতেই বিএনপির চেয়ারপারসন তাঁর এক পাশে মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাসকে এবং আরেক পাশে সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে বসান। নিয়ম অনুযায়ী সভায় সভাপতিত্ব করেন মির্জা আব্বাস আর পরিচালনা করেন সোহেল। সভা শেষে মির্জা আব্বাস ও সোহেলকে একসঙ্গে পাশাপাশি হেঁটে বের হওয়ার নির্দেশ দেন খালেদা জিয়া।
এর আগে গত ১৯ জুলাই নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কিন্তু আহ্বায়ক মির্জা আব্বাস সদস্যসচিব হিসেবে সোহেলকে মেনে নিতে পারছিলেন না। এ কমিটিতে টানাপোড়েন চলছিল। যার প্রভাব পড়ে দুই নেতার অনুসারীদের মধ্যেও। ফলে মহানগর কমিটি দলীয় কার্যক্রম শুরু করতে পারছিল না। এরই প্রেক্ষাপটে গত রাতে নতুন কমিটির নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেন খালেদা জিয়া।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম মিয়া ও আ স ম হান্নান শাহ, যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, সালাহ উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবুল খায়ের ভূঁইয়া, আমান উল্লাহ, এস এ খালেক, বরকত উল্লা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন জানান, সভায় খালেদা জিয়া কমিটির সদস্যদের একসঙ্গে আন্দোলন করা এবং ঢাকার থানা ও ওয়ার্ডের কমিটি গঠনের কাজ করতে নির্দেশ দিয়েছেন।