ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের একটি পক্ষ তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করলেও আরেক পক্ষ সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে সমাবেশ করেছে। গতকাল শনিবার ওই পক্ষ এ কর্মসূচি পালন করে।
দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার মুশুলি ইউনিয়নের তারঘাট বাজারে দুই পক্ষ কর্মসূচি পালন করতে গেলে প্রশাসন দেড় ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা প্রত্যাহার করার পর আওয়ামী লীগের উপজেলা কমিটির নেতা-কর্মীরা তারঘাট বাজারে পথসভা করেন এবং পরে তাঁরা নান্দাইল শহরে এসে ১৪৪ ধারা জারি করায় নান্দাইল থানার ওসি আতাউর রহমানকে প্রত্যাহার করার দাবিতে মিছিল করেন। মিছিল শেষে নেতারা কর্মসূচি ঘোষণা করেন। এদিকে উপজেলা আওয়ামী লীগের এই পক্ষের ওই কর্মসূচির পাল্টা হিসেবে শুক্রবার রাতে আওয়ামী লীগের অপর অংশের (সাংসদের পক্ষের) নেতারা বর্তমান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। সমাবেশের জন্য চণ্ডীপাশা উচ্চবিদ্যালয়ের মাঠে শুক্রবার গভীর রাত পর্যন্ত মঞ্চ স্থাপনের কাজ শুরু করলে শহরজুড়ে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ লাইন থেকে কয়েক প্লাটুন অতিরিক্ত পুলিশ আনা হয়। এদিকে গতকাল সকালে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ তাদের কর্মসূচি স্থগিত করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সমাবেশ শুরু হওয়ার আগমুহূর্তে দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মিছিল শুরু করলে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে অবস্থান নেন।
ওই কর্মসূচি প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন, তারঘাট বাজারের ঘটনায় ওসির তেমন সংশ্লিষ্টতা ছিল না। তাই গতকাল তাঁদের কোনো কর্মসূচি ছিল না। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রকাশ্যে দা-বল্লম হাতে মিছিল করে সরকারের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।
গতকাল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির নামে সমাবেশের আয়োজন করা হলেও স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খান এতে উপস্থিত ছিলেন না। সেখানে তাঁর প্রতিনিধিত্ব করেন নান্দাইল উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী।
ওই পক্ষের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল বলেন, ‘বৃহস্পতিবার রাতে সাংসদ আনোয়ারুল আবেদিন খানকে এলাকাছাড়া করার হুমকি দিয়ে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতারা। তাই হয়তো এর জবাব দেওয়ার জন্য সাংসদের সমর্থকেরা দা-লাঠি নিয়ে নান্দাইলে এসেছেন। এটি পূর্বপরিকল্পিত ছিল না। ’