একাংশের নেতা-কর্মীরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ বছর পর আজ বৃহস্পতিবার উপজেলা যুবলীগের সম্মেলন হচ্ছে। দুই ভাগে বিভক্ত সংগঠনের একাংশের নেতা-কর্মীদের বাইরে রেখে এই সম্মেলন আয়োজনের অভিযোগ পাওয়া গেছে।
সংগঠন সূত্রে জানা যায়, ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি কামরুল হাসানকে সভাপতি ও মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্যের তিন বছর মেয়াদি উপজেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবলীগ। অনুমোদন দেওয়ার পরপর উপজেলার সাতটি ইউনিয়ন, একটি সাংগঠনিক ইউনিয়ন ও দুটি পৌরসভার নেতা-কর্মীরা কমিটিতে স্থান পেতে দৌড়ঝাঁপ শুরু করেন। কমিটি ঘিরে সক্রিয় হয় উপজেলা যুবলীগের রাজনীতি। পদ প্রত্যাশায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সক্রিয় হন নেতা-কর্মীরা। কিন্তু শুধু কাঞ্চন পৌরসভা ছাড়া আর কোথাও পাঁচ বছরে কমিটি দিতে পারেনি উপজেলা যুবলীগ। এদিকে রাজনৈতিক মতপার্থক্যের কারণে তিন বছর মোস্তাফিজুর রহমান রাজনীতির বাইরে ছিলেন। এ কারণে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে সাংগঠনিক কার্যক্রম।
বর্তমানে উপজেলা যুবলীগের কাউন্সিল ঘোষণায় আবারও সরব নেতা-কর্মীরা। কিন্তু উপজেলা আওয়ামী লীগের রাজনীতি দুই ধারায় বিভক্ত। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান ভূইয়া একটি পক্ষের নেতৃত্ব দেন। অন্য পক্ষে আছেন রূপগঞ্জের সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। যুবলীগের আগের কমিটির বেশির ভাগ নেতা-কর্মীই মূলত গোলাম দস্তগীর গাজীর অনুসারী। আজকের কাউন্সিলও হতে যাচ্ছে তাঁরই রূপসীর কারখানার অভ্যন্তরে। এ কারণে সম্মেলনের বাইরে আছেন শাজাহান ভূইয়ার অনুগত নেতা-কর্মীরা। কাউন্সিলে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের উপস্থিত থাকার কথা।
যুবলীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, যাঁরা দীর্ঘদিন ধরে যুবলীগের কাউন্সিলের অপেক্ষায় ছিলেন, তাঁদের মধ্যে হতাশা কাজ করছে। যেসব ইউনিয়নে পাঁচ বছর আগে থেকে কমিটি গঠনের আশায় নেতা-কর্মীরা যুবলীগের রাজনীতি করে গেছেন, তাঁদেরও মূল্যায়ন করা হচ্ছে না। উপজেলাজুড়ে শোনা যাচ্ছে, কাউন্সিলে উপজেলা যুবলীগের আগের কমিটিই বহাল থাকছে।
উপজেলা যুবলীগের পদপ্রত্যাশী খালেদ হাসান বলেন, ‘কাউন্সিল ঘিরে উপজেলা যুবলীগের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা থাকার কথা, তার বিন্দু পরিমাণও আমাদের মধ্যে নেই। বর্তমান কমিটি পাঁচ বছর যুবলীগকে সংগঠিত করতে পারেনি। আবারও তারাই আসছে আগামীর কমিটিতে। তাই আমরা হতাশ।’
মোস্তাফিজুর রহমান বলেন, ‘তিন বছর মেয়াদে কমিটি গঠন করা হলেও কেন্দ্রের নির্দেশনা না থাকায় আমরা কাউন্সিল আয়োজন করতে পারিনি।’ সংগঠনের একাংশকে বাইরে রাখার ব্যাপারে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে বিভক্তি থাকতে পারে, কিন্তু যুবলীগে নেই। কমিটি দিতে না পারা প্রসঙ্গে তিনি বলেন, ‘সব কাজেই কিছু সফলতা, কিছু ব্যর্থতা থাকে। রাজনৈতিক কারণেই আমরা ইউনিয়নগুলোতে কমিটি দিতে পারিনি। অতীতে যেসব কমিটি ছিল, তারাই যুবলীগকে সংগঠিত রাখতে পেরেছে। আর আগামী কমিটিতে কেন্দ্রীয় যুবলীগ ও এমপি (সাংসদ) মহোদয় আমাদের যোগ্য মনে করছেন বলেই রাখতে চাইছেন। তৃণমূল যুবলীগও চায় আগামী মেয়াদে আমরাই থাকি।’
শাজাহান ভূইয়া বলেন, ‘যুবলীগের উপজেলা কমিটি গঠিত হচ্ছে, কিন্তু সেটা আমারই জানা নেই। যুবলীগের ত্যাগী ও পরিশ্রমী অনেককে বাদ দিয়ে হচ্ছে কাউন্সিল। তা ছাড়া পুরোনোদের পুনর্বহালের গুঞ্জন শোনা যাচ্ছে। এতে নতুনরা সুযোগ থেকে বঞ্চিত হবেন।’