একাংশের প্রত্যাখ্যান, বিক্ষোভ সাত নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের অনুমোদিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্রলীগের কলেজ শাখার একাংশ। এ ছাড়া গঠিত কমিটিতে মাদকাসক্ত, অছাত্র, শিবির ও ছাত্রদলের লোকজন ঠাঁই পাওয়ায় কমিটিতে ঠাঁই পাওয়া সাত নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এ কমিটি গঠনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মী পীরগঞ্জ সরকারি কলেজ থেকে এক প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শহীদ ইশাহাক সড়ক, বঙ্গবন্ধু সড়ক ও শহীদ জিয়াউর রহমান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব চৌরাস্তায় শেষ হয়। এ ছাড়া একই ঘটনায় সন্ধ্যায় আরেকটি মশাল মিছিল শহর প্রদক্ষিণ করে।
জানা গেছে, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন ও সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ গত সোমবার পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ১৬ সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করেন। এ কমিটিকে এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত নতুন কমিটিতে রিজান আলীকে সভাপতি ও নবাব হোসেনকে সম্পাদক করা হয়। অনুমোদিত এ কমিটির তালিকা দেখে ছাত্রলীগের পীরগঞ্জ সরকারি কলেজ শাখার নেতা-কর্মী সদস্যদের একাংশ ক্ষুব্ধ ও প্রতিবাদী হয়ে ওঠে।
প্রতিবাদী নেতা-কর্মীদের অভিযোগ, ছাত্রলীগের গঠণতন্ত্র লঙ্ঘন করে কোনো সম্মেলন বা ঘোষণা না দিয়েই রাতারাতি এ পকেট কমিটি করা হয়েছে। ১৬ সদস্যের এ কমিটিতে ছাত্রশিবির ও ছাত্রদলের কয়েকজন কর্মী এবং মাদকসেবী ও মাদক ব্যবসায়ীও রয়েছেন। অথচ জেলা কমিটি নির্বিচারে এ কমিটি অনুমোদন দেয়। প্রতিবাদী নেতা-কর্মীরা এ ব্যাপারে তাঁদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
এদিকে পীরগঞ্জ কলেজ ছাত্রলীগের অনুমোদিত কমিটিতে ঠাঁই পাওয়া সাত নেতা গতকাল মঙ্গলবার লিখিতভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ পদত্যাগপত্র জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বরাবর পাঠানো হয়েছে বলে কমিটির পদত্যাগকারী সদস্যরা জানান। পদত্যাগকারী নেতারা হলেন সহসভাপতি গোলাম নবী ও শেখ লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ সারোয়ার, রজব আলী খান ও তামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাগর সরকার ও সাদেকুল ইসলাম।
পদত্যাগকারী সহসভাপতি গোলাম নবী বলেন, ‘অনুমোদিত কমিটির অধিকাংশই অছাত্র, শিবির ও ছাত্রদলের লোক। এ জন্য এ অগণতান্ত্রিক কমিটিতে আমি থাকব না বলে পদত্যাগ করেছি।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ গতকাল মঙ্গলবার বেলা তিনটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতার সঙ্গে পরামর্শক্রমে পীরগঞ্জের এ কমিটি অনুমোদন দিয়েছি। ২০০৪ সালের পর এ কমিটি হলো। কারও পদত্যাগপত্র হাতে পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেব।’
এদিকে গতকাল একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় কলেজ ছাত্রলীগের সভাপতি রিজান আলীর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।