একাধিক পদ ছাড়ার তাগাদা বিএনপির
বিএনপির নতুন কমিটিতে জায়গা পাওয়া নেতাদের মধ্যে যাঁরা একাধিক পদে আছেন, সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী তাঁরা থাকতে পারবেন যেকোনো একটি পদে। কে কোন পদটিতে থাকতে চান, তা লিখিতভাবে দলকে জানাতে বলা হয়েছে।
গতকাল শুক্রবার দলের নতুন কমিটিতে জায়গা পাওয়া যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নির্দেশনা দেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই বৈঠক হয়। গত ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর তিন ধাপে এখন পর্যন্ত মোট ৪২ জন নেতার নাম ঘোষণা করা হয়েছে। এরপর গতকাল ছিল তাঁদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
গত কাউন্সিলে বিএনপির গঠনতন্ত্রে সংশোধনী এনে বলা হয়েছে, কেন্দ্রীয় নেতারা একাধিক পদে থাকতে পারবেন না। তবে বিশেষ বিবেচনায় দলীয় প্রধান চাইলে এর ব্যত্যয় করতে পারবেন।
বৈঠক সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা প্রকাশ্যে এসেছেন, নেতা-কর্মীদের এই চাঙাভাব কীভাবে ধরে রাখা যায়, তা নিয়ে আলোচনা হয়। ঈদুল ফিতরের পর সাংগঠনিক সম্পাদকদের সাংগঠনিক সফরে যেতে এবং সফর শেষে নির্বাচন নিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া ইউপি নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে অভ্যন্তরীণ কোন্দল তৈরি হয়েছে, তা কীভাবে কমানো যায়, সে বিষয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান করা নিয়ে আলোচনা হয়েছে। দলকে আরও শক্তিশালী করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠনকে গড়ে তোলার শপথ নেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের জন্য বিএনপির আলাদা প্রস্তুতি লাগে না। বিএনপি সব সময় দলগত ও সাংগঠনিকভাবে নির্বাচনের জন্য প্রস্তুত। তবে সেই নির্বাচন অবশ্যই নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে।
বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, খায়রুল কবির, হারুন-অর রশিদ; সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ, বিলকিস জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।