একাধিক বিচারপতি সামরিক শাসকের সঙ্গে হাত মিলিয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর একাধিক বিচারপতি সামরিক শাসকদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। বিএনপি সংসদ নিয়ে যে কথাগুলো বলে, তা আদালতের রায়ের মধ্য দিয়ে উচ্চারিত হয়েছে।

গতকাল বুধবার রাজধানীর বিএমএ মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএমএর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন।

বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবনের নানা ঘটনার বর্ণনা দিয়ে তোফায়েল আহমেদ বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর্যালোচনায় প্রধান বিচারপতি
বলেছেন, কোনো একক ব্যক্তির নেতৃত্বে দেশ স্বাধীন হয়নি। তিনি প্রশ্ন করেন, একের অধিক কে ছিলেন, যাঁরা নেতৃত্ব দিয়েছিলেন। এই পর্যবেক্ষণে বঙ্গবন্ধুকে ছোট করা হয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, এই সংসদ নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা কারও নেই। কারণ এই সংসদ ন্যায়ভাবে, গণতান্ত্রিকভাবে ও সাংবিধানিকভাবে গঠিত হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথভুক্ত দেশগুলোর পার্লামেন্ট অ্যাসোসিয়েশনে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাংসদ সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন। বিশ্বের সব পার্লামেন্ট এই সংসদকে স্বীকৃতি দিয়েছে। এই সংসদ রাষ্ট্রপতি নির্বাচন করে এবং সেই রাষ্ট্রপতি বিচারক নির্বাচন করেন। এই সংসদকে যখন অপরিপক্ব বলা হয়, তখন ব্যথিত হতে হয়, দুঃখ হয়।

বিচারপতিদের প্রতি বিনয় প্রকাশ করে তোফায়েল আহমেদ বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তৈরি করেছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সামরিক শাসনের সময় চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর (প্রধান সামরিক আইন প্রশাসক) হয়েছিলেন প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। এরশাদের সামরিক শাসনের সময় রাষ্ট্রপতি হয়েছিলেন বিচারপতি আহসান উদ্দিন চৌধুরী। পরে উপরাষ্ট্রপতি হয়েছিলেন বিচারপতি নুরুল ইসলাম। বিচারপতিরা সামরিক শাসকদের সঙ্গে হাত মেলান।

তোফায়েল আহমেদ বলেন, তিনি ২৭ বছর বয়সে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সংবিধান প্রণয়নের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তাঁদের ছোট ভাইদের কেউ কেউ বিচারপতি হয়েছেন। একসঙ্গে রাজপথে মিছিল করেছেন এমন কেউ কেউ বিচারক হয়েছেন। তাঁরা সবাই বিদ্বান হয়ে গেলেন, আর রাজনীতিকেরা অশিক্ষিত থেকে গেলেন, এ কেমন কথা। তোফায়েল বলেন, ‘রাজনীতিবিদদের ছোট করতে চায় সামরিক শাসকেরা। রাজনীতিবিদদের ছোট করতে চায় যারা অনির্বাচিত সরকার চায়।’ এ ব্যাপারে তিনিও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

আইনজীবী ড. কামাল হোসেন ও আমীর-উল ইসলামের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান সংবিধানসম্মত। বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে ড. কামাল হোসেন বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন মানলে ২০টি আসনে মানতে বাধা নেই। কোনো দলের নাম উচ্চারণ না করে তিনি বলেন, এ দেশে প্রধান রাজনৈতিক দল দুটি। একটি নির্বাচন না করলে অন্যটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়া সংবিধানসম্মত।

আদালতের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অপসারণের ঘটনারও উল্লেখ করেন একসময়ের এই ছাত্রনেতা। পাকিস্তানের মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীরের লেখা উদ্ধৃত করে তোফায়েল বলেন, পাকিস্তানে সামরিক শাসকদের বিচার হয় না। পাকিস্তানে বিচারকদের বিচার হয় না। তাই পাকিস্তানে গণতন্ত্র নেই।

অনুষ্ঠানের প্রধান বক্তা স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল জাতির ইতিহাসে কলঙ্ক। ১৫ আগস্টের খুনিদের বিচারের পথ আইন করে বন্ধ রাখা হয়েছিল। কোনো আদালত, কোনো বিচারক খুনিদের বিচারের উদ্যোগ নেননি। সংবিধান থেকে সেই কালো আইন তুলে দিয়েছিল সংসদ। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ কোনো আদালতের পক্ষ থেকে নেওয়া হয়নি। নাসিম বলেন, ‘সংসদে আইন তৈরি করে আমরা একাত্তরের খুনিদের বিচার করেছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। এ ক্ষেত্রে একচুলও ছাড় দেওয়া হবে না। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, খুনিদের আবার ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টার আলামত দেখা যাচ্ছে। এ জন্য টাকা খরচ করা হচ্ছে। চক্রান্ত শুরু হয়েছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, স্বাচিপের সভাপতি ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান প্রমুখ বক্তব্য দেন।