একাধিক মনোনয়নপ্রত্যাশী আ.লীগ ও বিএনপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের ছয়জন, বিএনপির তিনজন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন আছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি এ পৌরসভায় নির্বাচন হবে।
সীমানাবিষয়ক জটিলতার কারণে গত ৩১ ডিসেম্বর এ পৌরসভায় নির্বাচন হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিরা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য নানা রকম চেষ্টা শুরু করছেন।
পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন পাটওয়ারী, উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা নিয়ামুল করিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. মাহবুব আলম চৌধুরী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তোফায়েল আহমেদ।
আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতা বলেন, জেলা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটি স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে পৌর মেয়র প্রার্থী মনোনীত করবেন। আগামী মঙ্গল বা বুধবার দলীয় চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের ছয়জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। আমরা এমপি সাহেবসহ বসে দু-এক দিনের মধ্যে চূড়ান্ত প্রার্থী ঠিক করব।’
মনোনয়নপত্র সংগ্রহকারী মোশারফ হোসেন পাটওয়ারী বলেন, ‘দলের নেতা-কর্মীদের ইচ্ছায় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বিগত দিনে দলের জন্য রাখা অবদান বিবেচনা করে দল আমাকে মূল্যায়ন করবে।’ দলের আরেক মনোনয়নপ্রত্যাশী মাহবুব আলম চৌধুরী বলেন, বুধবারের মধ্যে দলীয় প্রার্থী চূড়ান্ত হবে। মনোনয়ন পেলে তিনি নির্বাচন করতে প্রস্তুত আছেন।
বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বর্তমান মেয়র মোস্তফা কামাল, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী ফারুক হোসেন মিয়াজী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন চৌধুরী। এ ছাড়া উপজেলা জামায়াতের রুকন শেখ মিজানুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জেলা ও উপজেলা কমিটি সম্ভাব্য প্রার্থীদের তালিকা করে কেন্দ্রীয় মনোনয়ন কমিটিতে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে দলীয় প্রার্থীর চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। কারণ, উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।
মমিনুল হকের সমর্থন পাচ্ছেন ফারুক হোসেন মিয়াজী। তিনি বলেন, দল থেকে তাঁকে প্রার্থী দেওয়া হয়েছে। আর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদের পক্ষ থেকে বর্তমান মেয়র মোস্তফা কামাল ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ প্রসঙ্গে জানতে উপজেলা বিএনপির আকতার হোসেন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামালের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা ধরেননি।