এক-এগারোর সরকারের কাজের তদন্ত চান মওদুদ
অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতির নেতৃত্বে ২০০৭ সালে ‘ওয়ান-ইলেভেনে’ গঠিত সরকারের কর্মকাণ্ড তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এ কথা বলেন। জরুরী আইনের সরকারের দুই বছর (২০০৭-২০০৮) শীর্ষক বইটি লিখেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রায় সব বক্তাই ওই সময়কার সরকারকে অবৈধ বলে উল্লেখ করেন।
মওদুদ আহমদ বলেন, দুই বছরে দেশের সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে ওই সময়ের সেনা-সমর্থিত সরকার। জরুরি আইনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার ছিল অবৈধ ও অসাংবিধানিক। ওই সরকার ছিল বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র। তিনি বলেন, ‘ওই সময়কার কর্মকাণ্ড অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার দাবি জানাচ্ছি। নাহয় আমরা ক্ষমতায় গেলে এটা করা হবে এবং দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে।’
বইটির লেখক খন্দকার মোশাররফ হোসেন বলেন, ওই সময়কার সরকার প্রথমে ‘মাইনাস টু ফর্মুলা’ করেছিল, পরে সেখান থেকে তারা ‘ম্যানেজ টু ফর্মুলা’ শুরু করে। কিন্তু ম্যানেজ টু হলো না, হলো ম্যানেজ ওয়ান। যার খেসারত এখন জাতি দিচ্ছে। এ সময় তিনি বইয়ের বিষয়বস্তু তুলে ধরেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান বলেন, এক-এগারো সরকার আকস্মিক ছিল না, এটা ছিল পূর্বপরিকল্পিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ, বিএনপির নেতা এ এম মাহবুব উদ্দিন খোকন, সাংবাদিক নেতা আবদুল হাই শিকদার প্রমুখ।