রংপুর সিটি করপোরেশনের সাহেবগঞ্জ, বাহারকাছনা ও শেখতাড়ি (একাংশ) এলাকা নিয়ে ৯ নম্বর ওয়ার্ড। এবারের নির্বাচনে এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন দুজন। তাঁদের মধ্যে নজরুল ইসলাম দেওয়ানী স্বাক্ষরজ্ঞানসম্পন্ন এবং শাহ মো. নাজিম উদ্দিন অক্ষরজ্ঞানসম্পন্ন বলে তাঁদের হলফনামায় উল্লেখ করেছেন।
তাঁদের মতো শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন অনেকেই এবার প্রার্থী হয়েছেন। সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতি চারজনের মধ্যে একজনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী ২৭৬ জন। এর মধ্যে সংরক্ষিত পদে ৬৫ জন। প্রার্থীদের হলফনামা থেকে জানা যায়, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন ৮৩ জন। এসএসসি পাস ৮৫ ও এইচএসসি পাস ৪১ জন। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে ৬৭ জনের।
গত নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে জয়ী হয়েছিলেন নজরুল ইসলাম দেওয়ানী। তিনি মনে করেন, জনপ্রতিনিধি হতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তিনি গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমি গত নির্বাচনে জিতে কাউন্সিলর নির্বাচিত হয়েছি। পড়াশোনার ব্যাপারে এলাকার কেউ কিছু বলেননি। সবার সঙ্গে থাকার চেষ্টা করেছি।’ এবারের নির্বাচনেও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজিম উদ্দিন বলেন, ‘পড়াশোনা না জেনেও মানুষ আমাদের পছন্দ করছে। এটি তো বিরাট ব্যাপার। মানুষের দোয়া পাচ্ছি।’
এ ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোশারফ হোসেন বলেন, এই এলাকা আগে ইউনিয়ন পরিষদের (ইউপি) অন্তর্ভুক্ত ছিল। শিক্ষিত মানুষ থাকলেও তাঁরা নির্বাচন করেন না। বাধ্য হয়ে আমরা পড়াশোনা না জানা প্রার্থীদের নির্বাচিত করছি।’
২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে চার প্রার্থীই অষ্টম শ্রেণি পাস। এ সম্পর্কে শহরের গুপ্তপাড়ার বাসিন্দা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সদরুল আলম বলেন, স্থানীয় নির্বাচনে কম শিক্ষিত ব্যক্তিরাও ভালো মানুষ হতে পারেন। ভোটাররা তাঁদের পছন্দ করছেন। এভাবেই তো চলে আসছে।
৩২ নম্বর ওয়ার্ডে ছয়জন কাউন্সিলর পদে লড়াই করছেন। তাঁদের মধ্যে অষ্টম শ্রেণি পাস চারজন। আর দুজন পড়ালেখা করেছেন এসএসসি পর্যন্ত। এ ওয়ার্ডের অষ্টম শ্রেণি পাস একজন প্রার্থী বলেন, পড়াশোনা কম থাকলেও ভালো কাজ করতে পারলে সেটাই মেনে নেওয়া উচিত। আর এ কারণেই নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয়নি।
এ ওয়ার্ডের তামপাট এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক সোবহান হোসেন বলেন, ‘আমরা যারা নিজেদের শিক্ষিত মানুষ বলে দাবি করছি, তারাই তো ওদের পক্ষে নির্বাচনের মাঠে কাজ করছি। এভাবেই কেটে যাচ্ছে। কী আর করার আছে বলুন?’
১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কেল্লাবন্দ এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বলেন, সততা আছে, শিক্ষাগত যোগ্যতাও আছে, এমন প্রতিশ্রুতিশীল নেতৃত্ব সবাই চান। ওয়ার্ডের সব ভালো-মন্দ দেখার দায়িত্ব কাউন্সিলরের। তাই আবেগের বশবর্তী না হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে ভোটারদের।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক আফতাব হোসেন বলেন, দেশে শিক্ষার হার বাড়ছে। কিন্তু শিক্ষিত জনপ্রতিনিধির হার বাড়ছে না। আবার জনপ্রতিনিধি নির্বাচনে যেতেও চাইছেন না শিক্ষিত মানুষজন। এর ফলে কম শিক্ষিত লোকজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসছেন।
শীতের আমেজে ভোটের উত্তাপ
গতকাল সূর্যের তেমন একটা তেজ ছিল না। দুপুরের পর ঠান্ডা বাতাস বইতে শুরু করে। তবে নির্বাচনী প্রচারণার ওপর তেমন প্রভাব ফেলতে পারেনি। গতকাল দিনভর আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ গণসংযোগ করেছেন সিটি বাজার, বাস টার্মিনাল ও কেরানীহাট এলাকায়। জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান সুকানচৌকি, মনোহরপুর, জাহাজ কোম্পানি মোড় থেকে সোনালী ব্যাংক পর্যন্ত, মডার্ন মোড় ও খটখটিয়া এলাকায় গণসংযোগ করেছেন। এ ছাড়া বিএনপির প্রার্থী কাওসার জামান গণসংযোগ করেন বাহারকাছনা, ভগি বালাপাড়া, পার্বতীপুর ও গ্রান্ড হোটেল মোড় এলাকায়।
ইতিমধ্যে প্রার্থীদের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মাঠে নেমে পড়ছেন। রংপুর ছাড়াও অন্যান্য জেলা ও ঢাকা থেকেও অনেকেই রংপুরে এসেছেন। ঢাকায় ব্যবসা করেন রংপুরে বাড়ি এমন একজন সুমনা আক্তারের সঙ্গে কথা হলো গতকাল। ১৮ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থীর পক্ষে তিনি প্রচারপত্র বিলি করে ভোট চাইছেন। তিনি বলেন, ‘এটা তো একটা উৎসব। তারপর প্রার্থী আমার নিকটাত্মীয়। তাই তো ঢাকা থেকে অনেক আগেই ছুটে এসেছি। ভোটের আগে আরও অনেকেই আসবেন।’
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, ৩৩টি ওয়ার্ডের প্রতিটিতেই একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩৩টি ভ্রাম্যমাণ আদালত দল কাজ করছে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুন্দর রয়েছে। আচরণবিধি লঙ্ঘনের তেমন কোনো অভিযোগ নেই।