এখতিয়ারের বাইরে ইসির কাজ দুইটা: বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন সরকার যদি না হয়, পার্লামেন্ট যদি ভেঙে না দেওয়া হয়, নির্বাচনের সময়ে সেনাবাহিনী যদি নিয়োগ করা না হয়, সেই নির্বাচন কখনো অর্থবহ হবে না। আগের মতো সংকট থেকেই যাবে।
জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেই বলেছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আলোচনা লোক দেখানো, একটা আইওয়াশ। কারণ প্রথম থেকে তারা বলে আসছেন, তারা তাদের এখতিয়ারের বাইরে কোনো কাজ করতে পারবেন না।’ তিনি বলেন, এখতিয়ারের বাইরের কমিশনের কাজ দুইটা। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার ও নির্বাচনের সময়ে সংসদে ভেঙে দেওয়া। কমিশন যদি এ দুটি কাজই করতে না পারেন, তাহলে এই নির্বাচন কখনোই অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে না।
বিএনপির মহাসচিব বলেন, আমি মনে করি, নির্বাচন কমিশনের এই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাসাপেক্ষে তারা নির্বাচন পরিচালনা করবেন। এখতিয়ার না থাকলেও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য এ বিষয়ে সাংবিধানিক সংস্থাটিকেই উদ্যোগ নিতে হবে।
এ সময় যুবদলের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী কেন ছুটি নিচ্ছেন না
এদিকে গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অসুস্থ হলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে যদি ছুটি নিতে হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো অসুস্থ। তিনি কেন ছুটি নিচ্ছেন না।
প্রধানমন্ত্রীর উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, ‘আপনিও প্রধান বিচারপতির মতো ছুটি নিচ্ছেন না কেন? আপনিও নেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানকে জেলে দেবে, আর আওয়ামী লীগ নির্বাচন দেবে-সে নির্বাচনে বিএনপি যাবে। এমন পাগল বিএনপি হয়নি।’ তিনি বলেন, ২০১৪ সালের মতো নির্বাচন দেওয়ার শক্তি শেখ হাসিনার নেই। সরকারের যতই বিদেশি বন্ধু থাকুক।