দেশে এখন এক দলের গণতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, সুশাসন ছাড়া গণতন্ত্র হয় না। কিন্তু কোথাও সুশাসন নেই। সর্বত্র দলীয়করণ, দুঃশাসন, দুর্নীতির মহোৎসব চলছে। প্রতিহিংসা ও জিঘাংসার গণতন্ত্র চলছে।
গতকাল বৃহস্পতিবার সকালে জাপার রাজধানীর বনানীর কার্যালয়ে জাতীয় তাঁতি পার্টি আয়োজিত এক মতবিনিময় ও পরিচিতি সভায় এরশাদ এসব কথা বলেন।
সাবেক এই সামরিক শাসক বলেন, ‘অনেকে বলেন আমি স্বৈরাচার ছিলাম। কিন্তু আমার সময় খুন, গুম ছিল না। মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে। এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যে গণতন্ত্রে মানুষের জানমালের নিরাপত্তা নেই। মানুষ নিরাপদে ঘুমাতে পারে না। তা জনগণের গণতন্ত্র নয়, এক পার্টির গণতন্ত্র। সে গণতন্ত্র আমরা চাই না।’
বিএনপির আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে এরশাদ বলেন, ‘আন্দোলনের কথা শুনি। দেওয়ানি মামলার মতো আন্দোলনের তারিখ পড়ে। তিন মাস পর আন্দোলন হবে। ঈদের পর, পূজার পর আন্দোলন হবে। কিন্তু আন্দোলনের নাম-নিশানা কোথাও দেখি না। তারা রাস্তায় নেই।’
জাপার চেয়ারম্যান বলেন, ‘আমরা রাস্তায় আছি, সংসদে আছি, সর্বত্র আছি। একের পর এক কমিটি গঠন করে চলেছি। মার্চের মধ্যে জাতীয় পার্টির সব জেলা সংগঠিত হবে। নির্বাচনের জন্য প্রস্তুত হব। এরপর ঘোষণা করব, কীভাবে আমরা ক্ষমতায় যাব।’
সম্প্রতি রংপুরে জাপার দুই পক্ষের সংঘর্ষের ঘটনা উল্লেখ করে এরশাদ বলেন, ‘নদীতে জোয়ার এলে এমন হয়। জাতীয় পার্টির জোয়ার এসেছে। দলের নেতৃত্ব নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। জাপার নেতৃত্ব একজনের হাতে, আমিই সেই নেতা।’
জাতীয় তাঁতি পার্টির আহ্বায়ক সরদার শাহজাহান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।