কারও সঙ্গে ঐক্য করার কোনো পরিকল্পনা আপাতত জাতীয় পার্টির নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, জাপা এখন তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার দিকে মনোযোগ দেবে।
গতকাল রোববার জাপর নতুন কমিটির প্রথম সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল আমিন হাওলাদার এসব কথা বলেন।
গত শনিবার ঘোষিত ড. কামাল হোসেনের নেতৃত্বে ‘ঐক্য প্রক্রিয়ার’ লক্ষ্যে গঠিত একটি কমিটিতে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদেরও রয়েছেন। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপার মহাসচিব বলেন, তিনি সেখানে ব্যক্তিগতভাবে গিয়েছিলেন। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির নেতাদের ভারত সফর নিয়ে গণমাধ্যমে আসা খবরের প্রসঙ্গে রুহুল আমিন হাওলাদার বলেন, ভারত চায় জাতীয় পার্টি একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে কাজ করুক। ভারত সফরে শুভেচ্ছা ও আশ্বাস বিনিময় হয়েছে।
গতকাল বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভাপতিমণ্ডলীর সভায় সভাপতিত্ব করেন এইচ এম এরশাদ। গত মে মাসে দলের কাউন্সিলের পর গঠিত সভাপতিমণ্ডলীর এটা প্রথম বৈঠক।