গণতন্ত্র ফিরিয়ে আনা এখন দেশের প্রধান চ্যলেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপিসহ ২০-দলীয় জোটের নেতারা। এ জন্য গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি বার্ষিকী উপলক্ষে আয়োজিত গতকাল বুধবার এক আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেন।
২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এই দিনকে সামনে রেখে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে বিএনপি।
এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, দেশে এখন রাজনীতি নেই, গণতন্ত্র নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, এক-এগারোর সময় অনেক প্রলোভনেও খালেদা জিয়া দেশ ছাড়েননি। তিনি দেশে থেকে শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে সহায়তা করেছেন। এর আগে পঁচাত্তর-পরবর্তী সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরে আসতে সহায়তা করেছিলেন বলে দাবি করেন তিনি।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান, সাংবাদিক শফিক রেহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম প্রমুখ বক্তব্য দেন।
আজ ২০ দলের সমাবেশ: বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, তাঁরা সমাবেশের অনুমতি পেয়েছেন। বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরু হবে।