এখন গর্ভের শিশুও নিরাপদ নয়: এমাজউদ্দীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেছেন, সমাজে নারী ও শিশু অধিকার হুমকির মুখে পড়েছে। এখন মায়ের গর্ভের শিশুও নিরাপদ নয়। এই অবস্থা থেকে মুক্তির জন্য নিজেদের মধ্যে বিভাজন না রেখে সবাইকে সোচ্চার হতে হবে।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে মহিলা দল আয়োজিত এক সেমিনারে এমাজউদ্দীন এ কথা বলেন। সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা দল ওই সেমিনারের আয়োজন করে।
এমাজউদ্দীন বলেন, সমাজকে পুরুষতান্ত্রিক সমাজ বললেই হবে না। একটি উদারপন্থী ও গণতান্ত্রিক, বাসযোগ্য সমাজ তৈরির জন্য কাজ করতে হবে। সামজে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হলে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। সেই সমাজের শিশু, নারী নির্যাতনও বেড়ে যায়।
দ্য ইকোনমিস্ট পত্রিকাকে উদ্ধৃত করে এমাজউদ্দীন বলেন, দেশের রাজনীতি বিষাক্ত হয়ে গেছে। এই বিষাক্ত রাজনীতির ফলে সমাজে দুর্বৃত্তায়ন ঘটেছে। এটি দূর না হলে মানুষের অধিকার সংরক্ষণ করা সম্ভব হবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শুধু গণতন্ত্র হলে হবে না। কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সবার অংশগ্রহণে সত্যিকারের নির্বাচনের মাধ্যমে তা সম্ভব।
মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, পিএসসির সাবেক চেয়ারম্যান এ জেডএম তাহমিনা খানম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ আলোচনায় অংশ নেন।