এখন তাদের থাবা সেন্ট্রাল ব্যাংকে: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনাকে মারাত্মক নৈরাজ্য বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা মওদুদ আহমদ। তিনি বলেন, আজ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করা হয়েছে। ব্যাংকগুলো খালি হয়ে গেছে। এখন পর্যন্ত কোনোটির বিচার হয়নি। এখন তারা থাবা দিয়েছে সেন্ট্রাল ব্যাংকে (বাংলাদেশ ব্যাংক)।

আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রশ্ন তুলে বলেছেন, এটা কি কেউ বিশ্বাস করবে, বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সহযোগিতা ছাড়া এই টাকা চুরি হয়েছে? বাংলাদেশের কোনো মানুষ এটা বিশ্বাস করবে না।
বিএনপির এই নেতা বলেন, ‘শেয়ারবাজার, ডেসটিনি, হল-মার্কের মাধ্যমে সরকারের মদদপুষ্ট ব্যবসায়ীরা জনগণের অর্থ চুরি করেছে। এখন প্রতিদিন আমরা শিশু হত্যা, সহিংসতার খবর পাই। আজকে তো বিএনপির কঠিন কোনো কর্মসূচি নেই। তারপরও কেন এত অস্থিরতা, কেন এত নৈরাজ্য?’
যুক্তরাজ্যে বাংলাদেশের কার্গো বিমান বন্ধ করা এবং মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নিয়োগের চুক্তি স্থগিত করার ঘটনা উল্লেখ করে মওদুদ বলেন, জবাবদিহি না থাকায় আজ এই অবস্থা। তিনি বলেন, ‘জবাবদিহি ও গণতন্ত্র না থাকলে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা বিরাজ করে। এ সুযোগে জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদের আবির্ভাব হওয়াটা অবধারিত। আজকে সেটিই আমরা দেখতে পাচ্ছি।’
প্রয়াত রাজনীতিক মশিউর রহমান যাদু মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মশিউর রহমান যাদু মিয়া স্মৃতি কমিটি এই আলোচনার আয়োজন করে। সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, প্রয়াত রাজনীতিক অলি আহাদ ও সাংবাদিক এনায়েতউল্লাহ খানকে (মরণোত্তর) সম্মাননা দেওয়া হয়।
আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, মো. শাহজাহান, সাংবাদিক সাদেক খান, যাদু মিয়ার মেয়ে রিটা রহমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান ও যাদু মিয়ার নাতি জেবেল রহমান, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি আক্তারুজ্জামান বাবলু প্রমুখ।