এখন তিন যুদ্ধে জয়ী হতে হবে: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে এখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণ চলছে। এই সন্ধিক্ষণে আমাদের জঙ্গি দমনের যুদ্ধ, উন্নয়নের যুদ্ধ এবং বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠা-এই তিন যুদ্ধে জয়ী হতে হবে। এই যুদ্ধে আমাদের প্রতিপক্ষ জঙ্গিবাদ ও বিএনপি।
বিএনপির নেত্রী খালেদা জিয়াকে গণতন্ত্রের মহাশত্রু উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক ইনু বলেন, জঙ্গিবাদের মদদদাতা বিএনপি পরাজিত হওয়ার পরও তারা চক্রান্তের হাল ছাড়েনি। নতুন করে চক্রান্ত শুরু করেছে। তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
আজ শনিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (ইনু) জেলা সম্মেলনে বক্তৃতায় ইনু এসব কথা বলেন। বেলা দুইটায় রংপুর বেতারের শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে দ্বিবার্ষিক সম্মেলনের জাতীয় পতাকা উত্তোলন করেন তথ্যমন্ত্রী। সেই সঙ্গে দলীয় পতাকা উত্তোলন করেন দলের জেলা শাখার সভাপতি একরামুল হক স্বপন। এরপর মঞ্চে কয়েকটি গণসংগীত পরিবেশিত হয়।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ও জঙ্গিবাদের সঙ্গে আমাদের কোনো আপস নেই। মিটমাটের সুযোগ নেই। কেননা তারা আগুন সন্ত্রাসের রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চায়নি। তারা ভুল স্বীকার করেনি। তারা গণতন্ত্রের মহা শক্র।
এই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ইনু জাসদের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, জাসদকে সেই শক্তি অর্জন করতে হবে। কাজ করতে হবে। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাসদ স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ শিরীন আখতার, কেন্দ্রীয় সহসভাপতি ও সাংসদ রেজাউল করিম তানসেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ নাজমুল হক প্রধান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত রাংগা প্রমুখ।