এখন থেকেই সমান সুযোগ নিশ্চিত করতে হবে: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পথ উন্মুক্ত করতে হলে এখন থেকেই সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে। বিএনপি আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান চায়। না হলে আন্দোলন ছাড়া উপায় থাকবে না।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। ডেমোক্রেটিক কাউন্সিল নামের একটি সংগঠন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয়’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।
মওদুদ আহমদ বলেন, অনেকে মনে করেন, নির্বাচনের তিন মাস বা এক মাস আগে লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে হলো। কিন্তু এটি যথেষ্ট নয়। এখন থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এ জন্য তিনি নির্বাচন কমিশনের ভূমিকা আশা করেন। তিনি বলেন, সংবিধান মানুষের জন্য। একটি সমঝোতা হলে প্রয়োজনে সংবিধান সংশোধন করা যাবে। তিনি সরকারকে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান।
মওদুদ আহমদ বলেন, সরকার বিএনপিকে ভয় পায়। এ কারণে তারা বিএনপিকে সভা-সমাবেশ করতে দেয় না। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা চালানো হচ্ছে। আদালত নিরপেক্ষ থাকলে খালেদা জিয়া খালাস পাবেন। এদিকে জাতীয়তাবাদী বন্ধু দল নামের একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, নির্বাচনে অংশ নেওয়ার সক্ষমতা বিএনপির আছে। কিন্তু সরকার জোর করে বিএনপিকে নির্বাচনে নিতে চাইলে দল নিজস্ব কৌশল ব্যবহার করবে।
‘ভারতীয় চাপ সুসংবাদ নয়’
সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশ সরকারকে প্রতিরক্ষা চুক্তির জন্য ভারত যে চাপ দিচ্ছে, তা বাংলাদেশের জন্য মোটেও সুসংবাদ নয়। তারা যেভাবে চাপ সৃষ্টি করতে চায়, তা আমাদের জাতীয় নিরাপত্তার পরিপন্থী ও নিয়মবহির্ভূত।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদার, আমিনুল ইসলাম প্রমুখ।