এখন নির্বাচন নিয়ে খেলা চলছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫ জানুয়ারি সংসদ নির্বাচন থেকে সরকার এই প্রহসন ও নাটক শুরু করেছিল। এখন নির্বাচন নিয়ে খেলা চলছে।
গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশে যে নির্বাচন কমিশন আছে, তাদের একমাত্র কাজ হচ্ছে সরকারের লোকেরা যা বলছে, তার অনুমোদন দেওয়া। প্রহসনের নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বললেন, প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না। তারপর নির্বাচনে ২২ জন লোকের প্রাণহানি হলো। জনগণের ভোট কেড়ে নেওয়া হলো। অথচ সিইসি নির্লজ্জভাবে বললেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এটা প্রহসন ছাড়া কিছু না।
আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান অস্বীকার করে প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার জিয়াকে অস্বীকার করছে, তাতে কিছু আসে যায় না। ইতিহাস তাঁকে ধারণ করেছে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, ইশতিয়াক আজিজ উলফাত, নূরী আরা সাফা প্রমুখ বক্তৃতা করেন।