‘পৌর নির্বাচনে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা গর্হিত ও গণতন্ত্রের জন্য চরম লজ্জার’ বলে মন্তব্য করেছে বিএনপি। তাদের দাবি, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে সরকার যেন কোনোভাবে হস্তক্ষেপ না করে।
গতকাল শনিবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকার ও নির্বাচন কমিশন পার্টনারশিপের ভিত্তিতে মেয়র ও কাউন্সিলর পদগুলো ছিনিয়ে নিতে চাচ্ছে।’ তিনি মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা নুরুল আমিনকে গত শুক্রবার রাতে মারধর ও তাঁর গাড়ি ভাঙচুর; বোরহানউদ্দিন পৌরসভার মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান ও তাঁর স্ত্রীর ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
রিজভী বলেন, বড়াইগ্রাম পৌরসভায় সরকারদলীয় সাংসদ আবদুল কুদ্দুছ আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করেছেন। সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম ও জেলা প্রশাসক এম এ সালাম নৌকা প্রতীকের প্রার্থীর জন্য ভোট চেয়েছেন। নাটোর, গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর বাসায় গত বৃহস্পতিবার রাতে সভা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ময়মনসিংহের নান্দাইলে সাংসদ আনোয়ারুল আবেদীন নৌকা প্রতীকে ভোট চেয়ে বিদ্যুতের খুঁটি পুঁতছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, চাটখিলে সরকারদলীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা ১৩ ডিসেম্বর বিকেল ৫টা ৪০ মিনিটে বিএনপির মেয়র পদপ্রার্থী মোস্তফা কামালের মনোনয়ন প্রত্যাহারপত্রে জোর করে সই নেন। তা উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবরার হাসান মজুমদারের কাছে জমা পড়ে ছয়টার দিকে। মোস্তফা কামালের পত্রটি জমা দিয়েছেন চাটখিল পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন। তিনি দাবি করেন, চাটখিল পৌরসভায় বিএনপির প্রার্থী মোস্তফা কামাল বৈধ মেয়র প্রার্থী। কারণ, তিনি নির্বাচনী বিধিমালার ১২ ধারা অনুযায়ী সশরীরে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বা তাঁর বৈধ কোনো প্রতিনিধির মাধ্যমেও করেননি।
জোটগত প্রচার: সকালে ২০ দলের বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী কয়দিন তাঁরা ঐক্যবদ্ধভাবে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাবেন। ইতিমধ্যে বৃহত্তর রংপুর ও দিনাজপুরে জোটগত প্রচার শুরু হয়ে গেছে।
বৈঠক সূত্র জানায়, জোটগতভাবে প্রচারের ঘোষণা দেওয়া হলেও এটি নিয়ে শরিক কয়েকটি দলের নেতাদের ক্ষোভ আছে। একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মহাসচিব বৈঠকে বলেন, শরিক দলগুলোকে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা দিতে বলা হয়েছিল। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যে ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে, এতে মেইল যায়নি। ফোনেও বিএনপির সংশ্লিষ্ট নেতাদের পাওয়া যায়নি।
বৈঠক শেষে নাম প্রকাশ না করে জোটের একটি শরিক দলের এক নেতা প্রথম আলোকে বলেন, এই বৈঠক আসলে ‘আইওয়াশ’। জোটভুক্ত দলগুলোকে সান্ত্বনা দিতে বিএনপি দায়সারা এ বৈঠক ডেকেছে।
বৈঠকে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।