এখন সার-ই কৃষকের পেছনে ছুটছে: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিয়া চৌধুরী
মতিয়া চৌধুরী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি সরকারের সময় সার, তেল ও বীজের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। আর বর্তমান সরকার কৃষকদের পানির দামে সার দিচ্ছে। সারের জন্য কৃষকদের ছুটতে হতো, আর এখন সার–ই কৃষকদের পেছনে ছুটছে।
আজ বুধবার ‘কৃষক হত্যা দিবস’ উপলক্ষে বিকেলে জামালপুরের মেলান্দহ হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, বিএনপি সরকারের আমলে সারা দেশে সার, তেল, কীটনাশক ও কৃষি পণ্যের দুষ্প্রাপ্যতার কারণে কৃষকরা আন্দোলন করেছেন। সেই আন্দোলনে সারা দেশে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। এঁদের মধ্যে মেলান্দহ উপজেলা পশ্চিম আদ্রার গুজামানিক গ্রামের কবির হোসেনকে এক বস্তা সারের জন্য উপজেলার পরিষদ চত্বরে গুলি করে হত্যা করা হয়। আর বর্তমান সরকারের আমলে সার, তেল, কীটনাশক ও বীজ কৃষকের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জামালপুর-৫ আসনের সাংসদ ফরিদুল হক ও জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাকী বিল্লাহ প্রমুখ।