এখনই জামায়াত নিষিদ্ধ করা যায়: মেনন
২০-দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার এখনই সময় বলে মন্তব্য করেছেন বিমানমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ‘জামায়াত নিষিদ্ধের আইনগত ও সাংবিধানিক কিছু দিক রয়েছে। সেগুলো সরকারকে বিবেচনা নিতে হবে। তবে আমি মনে করি, এখন যে ঐক্য গড়ে উঠেছে, তাতে এখনই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা যায়।’
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন এসব কথা বলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে দলের কর্মসূচি ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আওয়ামী লীগ এখন বাম লীগে পরিণত হয়েছে, বিএনপির নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাশেদ খান মেনন বলেন, ‘তাঁদের বামভীতি আজকের না, চিরকালের। তবে সম্প্রতি বিএনপি জাতীয় ঐক্যে বিভিন্ন বাম দলকে আমন্ত্রণ জানাবে বলে পত্রিকায় দেখছি।’
ওয়ার্কার্স পার্টির সাংসদদের টিআর-কাবিখার বরাদ্দ লুটপাটের অভিযোগের বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘দলের এমপিরা সংসদে যাওয়ার আগে পার্টির কাছে জবাবদিহি করে যান। এখানে এ ধরনের ঝুঁকিও নেই, সম্ভাবনাও নেই।’
এর আগে লিখিত বক্তব্যে ফজলে হোসেন বাদশা ২ আগস্ট বিকেল চারটায় প্রেসক্লাবের সামনে জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী সমাবেশ ও শোভাযাত্রা; একই দাবিতে ৬ আগস্ট দেশের প্রতিটি জেলা শহরে সমাবেশ ও শোভাযাত্রা; ২০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় কৃষক-খেতমজুর-শ্রমিক, নারী, যুব, ছাত্র গণসংগঠনের উদ্যোগে ধারাবাহিক জঙ্গিবাদবিরোধী কনভেনশন ও ১৭ আগস্ট রাশেদ খান মেনন হত্যাচেষ্টার প্রতিবাদে সন্ত্রাসবিরোধী দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেন।