সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে আজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। তবে এই হরতাল পালনে বিএনপি জোটের বড় কোনো প্রস্তুতি নেই।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, এখনই রাজপথে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেই দলটির। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়াকে ‘জনগুরুত্বপূর্ণ ইস্যু’ হিসেবে বিবেচনায় নিয়ে ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে এ হরতাল দেওয়া হয়েছে। এ কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে বিএনপি-সমর্থক আইনজীবী ও পেশাজীবীদেরও চাপ ছিল।
আবার এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরার দিন ধার্যও রয়েছে। যদিও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, এই হরতাল ডাকার সঙ্গে খালেদা জিয়ার মামলার হাজিরার সম্পর্ক নেই। তিনি বলেন, ‘অবৈধ’ সরকার কারও কথা না শুনে সংবিধান সংশোধন করেছে। তাই ২০-দলীয় জোটকে বাধ্য হয়ে এই হরতাল দিতে হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। ৫ জানুয়ারির ‘নির্বাচন প্রতিহতের’ আন্দোলনের পর এটাই বিএনপি জোটের প্রথম হরতাল কর্মসূচি।
বিএনপির একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নেওয়া প্রায় কেউই চাইছে না। এই ‘পপুলার ইস্যুতে’ বিএনপির প্রতিবাদ করা দরকার। তাই হরতাল দেওয়া হয়েছে। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের দাবিতে এখনই রাজপথে নামার পরিকল্পনা নেই। জনসম্পৃক্ত বিষয়ে কর্মসূচি দিয়ে জনসমর্থন বাড়ানো এবং দলকে সংগঠিত করার দিকেই বিএনপির মনোযোগ।
দলের অপর একটি সূত্র জানায়, ঢাকা মহানগরে বিএনপিকে সংগঠিত করার আগে দলটি টানা আন্দোলনে যেতে চায় না। এ ছাড়া নতুন করে মামলায় জড়ানো থেকেও এড়িয়ে চলতে চায় দলটি। তবে এ হরতাল যাতে একেবারে ঢিলেঢালা না হয়, সেদিকেও নজর থাকছে দলের।
ঢাকায় হরতালের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান প্রথম আলোকে বলেন, দলের ঢাকা মহানগরের সব ইউনিটকে রাজপথে শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘উসকানিতে’ পা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে এর দায় সরকারকে নিতে হবে।
এদিকে গতকাল রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, হরতাল বানচাল করতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। গতকাল বিভিন্ন জেলা থেকে অন্তত ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা এবং হরতাল সফল করার আহ্বান জানান।