এখনও সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য এখনো অনুমতি পায়নি বিএনপি। আজ শুক্রবার রাত সাড়ে নয়টা পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা বুলু।
বিএনপি ৭ নভেম্বর দিনটিকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে থাকে। এ উপলক্ষে কাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে ডিএমপির অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল দলটি।
বরকত উল্লা রাত প্রথম আলোকে বলেন, কাল সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলন করে তাদের দলীয় অবস্থান জানানো হবে। সমাবেশের অনুমোদন না পেলে তাদের করণীয় বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, বিএনপি ৭ নভেম্বর দিনটিকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। ১৯৭৬ সাল থেকে দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ নামে জাতীয়ভাবে পালন করা হতো। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই দিনের সরকারি ছুটি বাতিল করা হলেও বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এসে আবারও তা বহাল করেছিল। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এই দিনে সরকারি ছুটি বাতিল ঘোষণা করে, যা এখন পর্যন্ত বহাল আছে।