এখনো জঙ্গি দমনের যুদ্ধ শেষ হয়নি: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এখনো বিএনপি রাজাকারের পক্ষে, যুদ্ধাপরাধীদের পক্ষে, জঙ্গির পক্ষে, সামরিক সরকারের পক্ষে ওকালতি করে। যারা রাজাকারের উকিল, যুদ্ধাপরাধের উকিল, তারা কখনো গণতন্ত্রের উকিল হতে পারে না। তাই এখনো জঙ্গি দমনের যুদ্ধ শেষ হয়নি।
বরিশালে অনুষ্ঠিত জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ শনিবার বিকেল পাঁচটায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ওই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় তথ্যমন্ত্রী বলেন, যে জঙ্গিরা ঈদের জামাতে আক্রমণ করে, রেস্তোরাঁয় আক্রমণ করে, মসজিদের ইমামকে হত্যা করে, সেই জঙ্গিরা পিছু হটে গেলেও এখনো আত্মসমর্পণ করেনি। এখনো ক্ষমা চায়নি। তাই জঙ্গি দমনের যুদ্ধ চলছে।
ইনু বলেন, এই জঙ্গিদের উসকানিদাতা, প্রধান রক্ষক খালেদা জিয়া ও বিএনপি। বিএনপির ইতিহাস জামায়াত রক্ষার ইতিহাস, রাজাকার রক্ষার ইতিহাস, যুদ্ধাপরাধীদের রক্ষার ইতিহাস। জঙ্গিবাদকে উসকানি দেওয়ার ইতিহাস। সবশেষে খালেদা জিয়ার ৯৩ দিনের আগুন-যুদ্ধের ইতিহাস। গণতন্ত্রকে পুড়িয়ে দিয়েছেন খালেদা জিয়া।
তথ্যমন্ত্রী বলেন, ‘যদি গণতন্ত্রের পথে থাকেন, তাহলে খালেদা জিয়াকে বাদ দিয়ে আসতে হবে। খুনিদের নিয়ে নির্বাচন করতে আমরা দেব না। নির্বাচনের পথে বিএনপিকে রাজাকার ছাড়াতে হবে, জামায়াত ছাড়তে হবে। যুদ্ধাপরাধী ছাড়তে হবে।’
মহানগর জাসদের সভাপতি মো. মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. হাবিবুর রহমান, মো. শাহাবউদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ।