গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, নাশকতাকারী যে দলেরই হোক না কেন কাউকে মার্সি (ক্ষমা) করা হবে না। এখনো ইমার্জেন্সি (জরুরি অবস্থা) দেওয়ার সময় আসেনি। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মিরসরাই উপজেলা সম্মেলনকক্ষে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপির অন্যায়-অবিচার সন্ত্রাস এমন পর্যায়ে পৌঁছেছে যদি এখন নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আওয়ামী লীগ শতকরা ৯৫ ভাগ ভোট পেয়ে জয়লাভ করবে। বিএনপি অচিরেই ধ্বংস হয়ে যাবে।
এর আগে মন্ত্রী হাইতকান্দি ইউনিয়নের জগদীশপুর এলাকায় কুপিয়ে ও পুড়িয়ে হত্যার শিকার যুবলীগের নেতা মহিউদ্দিনের বাড়িতে গিয়ে তাঁর স্বজনদের সমবেদনা জানান এবং ঢাকা-চট্টগ্রাম রেললাইনের আমবাড়িয়া এলাকায় রেললাইনে নাশকতার কারণে ট্রেন দুর্ঘটনার স্থান পরিদর্শন করেন।
আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান, বিজিবির মিরসরাই ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর মো. খালিদ, সীতাকুণ্ডের এএসপি (সার্কেল) সালাউদ্দিন সিকদার, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী, পৌর মেয়র এম শাহজাহান প্রমুখ।