প্রায় ১৭ বছর ঢাকা জেলা বিএনপির ঠিকানা ছিল রাজধানীর মতিঝিলের আমিন কোর্টে, নাজমুল হুদার আইন পেশার কার্যালয়ে। পাঁচ বছর হতে চলল ঠিকানাটি পাল্টেছে। এখন তা ধানমন্ডিতে, জেলা বিএনপির বর্তমান সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নানের বাসায়।
দলটির ঢাকা জেলার একাধিক নেতা বলেন, প্রতিষ্ঠার ৩৭ বছরে এসে এখনো অনেকটা ‘যাযাবর’ হয়ে আছে ঢাকা জেলা বিএনপি। সভাপতিদের বাসা আর কার্যালয়ই যেন এর নিয়তি। আবার যিনি সভাপতি হন, তাঁর ইচ্ছা বা অনিচ্ছাই এর অমোঘ বাস্তবতা। তাঁরা বলছেন, ১৭ বছর পর সভাপতি বদল হয়েছে। কিন্তু গত ২২ বছরে পূর্ণাঙ্গ কমিটি দেখেননি এখানকার নেতা-কর্মীরা। কবে দেখতে পাবেন, তাও অনিশ্চিত।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর গত ৯ আগস্ট এক চিঠিতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিটি পুনর্গঠন করতে নির্দেশনা দিয়েছিল। কিন্তু ঢাকা জেলা কমিটি তা করেনি। ৯ সেপ্টেম্বর জেলার সভাপতি আবদুল মান্নান সম্মেলন করে কমিটি করার জন্য আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় চান। এরপর কেন্দ্র থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে চিঠি দেওয়া হয়। এই চিঠি পেয়ে ১৫ অক্টোবর জেলার সভাপতি আবার চিঠি দিয়ে কেন্দ্রকে জানান, আগামী ২১ দিনের মধ্যে তাঁরা কমিটি করবেন। অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত পুনরায় সময় নিলেন।
অবশ্য আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, এমনকি বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা কর্মসূচি পর্যন্ত পালন করতে দেয়নি। সেখানে সম্মেলন করব কীভাবে। তাই বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে আমরা সময় বাড়াতে বলেছি।’ তিনি বলেন, ব্যক্তিগতভাবে তাঁর সভাপতি পদে থাকার কোনো অভিপ্রায় নেই। তিনি চান, গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি হোক।
বিএনপির কেন্দ্রীয় একজন নেতা এ প্রতিবেদককে বলেন, ঢাকা জেলার কমিটি পুনর্গঠনে ছয় মাস সময় চাওয়ার খবরে দলের উচ্চপর্যায়ে প্রতিক্রিয়া হয়েছে। তিনি বলেন, বিগত আন্দোলনে ঢাকা মহানগর ও ঢাকা জেলা বিএনপিকে নিয়ে দলে অনেক কথাই আছে।
জেলা পর্যায়ের নেতা-কর্মীদের কারও কারও মতে, জেলাভিত্তিক কার্যালয় এবং কর্মসূচি না থাকায় ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক অবয়ব গড়ে ওঠেনি। জেলা কমিটি অনেকটাই ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে। ফলে কেন্দ্রঘোষিত কর্মসূচিগুলো জেলায় পালন হয় নামকাওয়াস্তে।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান বলেন, ‘অন্য জেলার চেয়ে ঢাকা একটু ব্যতিক্রম। আমাদের কোনো হেডকোয়ার্টার নেই। আবার কেন্দ্রের বড় কর্মসূচিগুলোতে লোকের জোগান দেয় ঢাকা জেলা। কিন্তু তা মহানগরের ছায়ায় ঢেকে যায়। এসব কারণেই ঢাকা জেলার সাংগঠনিক কার্যক্রম ততটা দৃশ্যমান হয় না।’
জেলা কমিটির অন্য নেতারা ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক দুরবস্থার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-নিপীড়নকে দায়ী করেন। তাঁদের দাবি, ঢাকা জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় দেড় শ মামলা আছে। এসব মামলায় প্রায় পাঁচ হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
ঢাকা জেলা বিএনপির ১০টি সাংগঠনিক শাখা রয়েছে। সেগুলো হলো সাভার থানা ও পৌরসভা, আশুলিয়া থানা, ধামরাই থানা ও পৌরসভা, কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ থানা, নবাবগঞ্জ উপজেলা, দোহার থানা ও পৌরসভা। এ জেলায় পাঁচটি সংসদীয় আসনে দলের অন্তত ১০ জন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা আছেন। তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান (জেলা সভাপতি), যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আইনবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন, খন্দকার আবু আশফাক (নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান), তমিজউদ্দিন (ধামরাই উপজেলা চেয়ারম্যান), সুলতানা আহমেদ, অর্পণা রায় ও মেজর (অব.) মিজানুর রহমান।
দলীয় একাধিক সূত্র জানায়, জেলার রাজনীতিতে এসব কেন্দ্রীয় নেতার প্রভাব থাকলেও সাংগঠনিক বিষয়ে তাঁদের মধ্যে সমন্বয় নেই। এর মধ্যে কেরানীগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানের মধ্যে বিরোধ আছে, যা অনেক পুরোনো। ধামরাইয়ে জিয়াউর রহমান খান ও তমিজউদ্দিনের মধ্যে দ্বন্দ্ব আছে। অন্যান্য সংসদীয় আসনেও স্থানীয় নেতাদের মধ্যে ঠেলাঠেলি আছে। ফলে আসনভিত্তিক নেতাদের পৃথক প্রভাব ও নেতা-কর্মীদের মধ্যে নানা বলয় তৈরি হয়েছে।
ঢাকা জেলা বিএনপি ‘ব্যক্তিকেন্দ্রিক’ হয়ে ওঠা ও ‘যাযাবরের’ মতো ঘোরার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জেলা সভাপতি আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘কেউ এমন কথা বললে তা ভুল হবে না। তবে আগে কেউ স্থায়ী কার্যালয়ের জন্য চেষ্টা করেনি, আমি করছি। নেতাদের বলেছি, তোমরা জায়গা দেখো, আমি আর্থিক সহযোগিতা দেব।’
বিএনপির সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে এক জাঁকজমকপূর্ণ সম্মেলনে নাজমুল হুদা ঢাকা জেলা বিএনপির সভাপতি ও মহিউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে মহিউদ্দিন আহমেদ মারা গেলে আমান উল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়। পাঁচ বছর পর ১৯৯৮ সালে মতিঝিলে নাজমুল হুদার আইন পেশার কার্যালয়ে বসে ছয় সদস্যের নতুন কমিটি করা হয়। তাতে হুদা-আমান আবার সভাপতি ও সাধারণ সম্পাদক হন। আর আবদুল মান্নান, জিয়াউর রহমান খান ও দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন সহসভাপতি এবং আবদুস সামাদ সাংগঠনিক সম্পাদক হন। এরপর আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি।
২০১০ সালের ২১ নভেম্বর নাজমুল হুদাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এর পরদিন আবদুল মান্নানকে সভাপতি করা হয়। বাকিরা স্বপদে থাকেন। এরপর আরও প্রায় পাঁচ বছর পার হয়েছে কিন্তু কমিটি পূর্ণাঙ্গ হয়নি। ১৭ বছরেও ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলায় একটা পূর্ণাঙ্গ কমিটি করতে না পারায় দলের মাঠপর্যায়ে হতাশা আছে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা জেলার সহসভাপতি দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিনকে পাওয়া যায়নি। সাধারণ সম্পাদক আমান উল্লাহ কারাগারে আছেন। এ বিষয়ে জানতে চাইলে বিরক্তি প্রকাশ করেন আরেক সহসভাপতি জিয়াউর রহমান খান। তিনি বলেন, ‘কমিটি বলতে যা বোঝায়, ঢাকা জেলা বিএনপিতে তা কখনো ছিল না, এখনো নেই। আগে ছয়জনের কমিটি ছিল, এখন তা পাঁচজনের। সামনে হয়তো তিনজনে নেমে আসবে।’