এখনো রাস্তায় নামার ক্ষমতা রাখি: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর বনানীতে একটি হোটেলে আজ বৃহস্পতিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ ইফতারের আয়োজন করে। ছবি: বিএনপির সৌজন্যে
মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর বনানীতে একটি হোটেলে আজ বৃহস্পতিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ ইফতারের আয়োজন করে। ছবি: বিএনপির সৌজন্যে

দেশ রক্ষায় জনগণকে বাঘ ও সিংহের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে সব সময় আছি, থাকব। রাস্তায় যেতে বললে এখনো রাস্তায় নামার মতো সাহস ও ক্ষমতা রাখি।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি হোটেলে মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এর আয়োজন করে।

খালেদা জিয়া সরকারের উদ্দেশে বলেন, সারা দেশের মানুষকে আজ বিড়াল বানিয়ে রাখতে চায়। আর তেনারা (সরকার) আজীবন ক্ষমতায় থাকার জন্য বাঘ-সিংহ সবকিছুই হতে চায়। তিনি বলেন, ‘আজ সবাইকে টাইগারের ভূমিকায় আসতে হবে, লায়নের ভূমিকায় আসতে হবে। তাহলেই দেশটা রক্ষা করা যাবে। আসুন, দেশের অনেক ক্ষতি হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে। আর সহ্য করা যায় না।’

বিএনপির চেয়ারপারসন বিডিআর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, ‘বিডিআরের ৫৭ জন কর্মকর্তাকে শেষ করে দেওয়া হয়েছে। বাকিদের অবসরে পাঠানো হয়েছে। আজকে বিডিআর নেই, নামও বদলে দেওয়া হয়েছে। আমি বিডিআরই বলে যাব। এরা একসময় বাঘ ছিল, এখন বিড়াল। তাদের হাতে বন্দুক আছে কিন্তু গুলি মারে না।’

খালেদা জিয়া বলেন, ‘দেশের মানুষকে বললে গুলিটা পট করে চালিয়ে দেবে। কিন্তু যদি বলেন শত্রু বর্ডারে ঢুকে গেছে, সীমান্তে কেন গুলি মারতে পারেন না। মিয়ানমারের মতো দেশ আমাদের আকাশসীমা লঙ্ঘন করে হেলিকপ্টার নিয়ে ঘোরে, কেন একটা গুলি মারতে পারে না? বিডিআর আজ বাঘ থেকে বিড়াল হয়ে গেছে।’

যমুনায় টোল ৮০০ টাকা, অথচ ট্রানজিট ১৯৫ টাকায়
ভারতকে ট্রানজিট দেওয়া প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, ‘যমুনা সেতুতে ৭০০-৮০০ টাকা টোল দিতে হয়। বাস-ট্রাকের জন্য আলাদা ফি নির্ধারণ করা আছে। অথচ ১৯৫ টাকায় ট্রানজিট দেওয়া হলো, এটা লজ্জার। আজকে বাংলাদেশের কোনো স্বকীয়তা, স্বাধীনতা নেই।’

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আপনারা যুদ্ধ করেছিলেন দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং সবার সমান অধিকারের জন্য। আজকে দেশে কোনোটাই নেই। দেশে চলছে এক ব্যক্তির শাসন।’

ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে বিতর্ক হয়েছে
খালেদা জিয়া বলেন, ‘মুসলমান-হিন্দু সবাই এই আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত। সবাই আজকে আওয়ামী লীগের হাত থেকে মুক্তি চায়, দেশে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র, কথা বলার অধিকার, বাক্‌স্বাধীনতা চায়—আজকে কোনোটাই নেই।’ তিনি বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে অত্যন্ত ভালো বিতর্ক হয়েছে। অন্যরা আমাদের নিয়ে কথা বলেছেন, আমরা কথা বলতে পারি না। কথা বললেই মামলা হবে। কথা বললেই ধরে নিয়ে যাবে, গুম হয়ে যাবে। গুম, খুনের ভয় করে লাভ নেই।’

এ প্রসঙ্গে খালেদা জিয়া নিজের বিচারাধীন মামলার কথা উল্লেখ করে বলেন, ‘হাসিনার ১৫টি মামলা উঠে গেলে আমার মামলাও উঠতে হবে। আমি কোনো অন্যায়, অবিচার করিনি। তাই আমি বলছি, দেশে কোনো ন্যায়বিচার নেই।’

খালেদা জিয়া বলেন, ‘আমি কথা বলতে চাই, ভয় পাই না। সাংবিধানের কথা বলব। তার আগে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশকে স্বাধীন করেছি অন্য কারও হাতে তুলে দেওয়ার জন্য নয়।’ তিনি বলেন, ‘জাফরুল্লাহ বিভিন্ন উপদেশ দেন, কিন্তু সব কথা রাখতে পারি না। আমি বলব, সবাইকে নিয়ে আসেন, আমি কথা বলব, সবার কথা শুনব। যেখানে বসতে চান আমি বসব, কথা বলতে রাজি আছি। কারণ, আমাদের সবার কাজ হচ্ছে দেশটাকে রক্ষা করা।’

খালেদা জিয়ার আগে বক্তব্য দেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে বলেন, ‘এখন দেশ চলছে এক ব্যক্তি কথায়। সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। এটা আপনাকে পরিষ্কার করতে হবে। আর আপনার দলের মধ্যে গণতন্ত্র আনতে হবে।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটি সদস্যসংখ্যা ২০ করে এর মধ্যে ১৫ জন নির্বাচিত এবং পাঁচজন আপনি নিজে নিয়োগ দেবেন, এটা আমার প্রস্তাব। এভাবে সারা দেশের জেলা কমিটিগুলো নির্বাচনের মাধ্যমে করলে ভালো হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মোশাররফ হোসেন, হাফিজ উদ্দিন আহম্মদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।