
নির্বাচিত হওয়ার আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন ৩৫ দফা ইশতেহার ঘোষণা করেছিলেন। ইশতেহারের ১২ নম্বরে ‘যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন’ শিরোনামে নিরাপদ ফুটপাতের প্রতিশ্রুতি ছিল তাঁর। দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরে তিন দফা উদ্যোগ নিয়েও নগরের ফুটপাত নাগরিকদের চলাচলের উপযোগী করে তুলতে পারেননি তিনি। তবে মেয়রের দাবি, তিনি থেমে নেই। আগামী আগস্টের মধ্যে তিনি নগরের ফুটপাতগুলো হকারমুক্ত করতে পারবেন বলে আশাবাদী।
সিটি করপোরেশন সূত্র জানায়, গত বছরের ঈদুল আজহা, এ বছরের মার্চ মাস এবং গত ঈদুল ফিতরের পর নগরের ফুটপাতগুলো হকারমুক্ত করার তিন দফা উদ্যোগ নিয়েছিলেন মেয়র নাছির উদ্দীন। কিন্তু প্রতিবারই হকারদের আপত্তির মুখে এই উদ্যোগ ভেস্তে যায়। এখনো হকারেরা ফুটপাত দখল করে আগের নিয়মে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নগরের ১০ থেকে ১২ লাখ নিম্ন ও নিম্নমধ্য আয়ের লোকজন এসব হকারের প্রধান ক্রেতা।
নগর ঘুরে দেখা গেছে, নগরের নিউমার্কেট মোড়, বিমানবন্দর সড়কের ইপিজেড, পতেঙ্গা, জিইসি মোড়, ষোলশহর, দুই নম্বর গেট, বহদ্দারহাট, বায়েজিদ, কর্ণফুলী সেতু এলাকাসহ অনেক জায়গায় ফুটপাতের ওপর হাজারো হকার তাঁদের পণ্য নিয়ে বসছেন।
নগরের ফুটপাতগুলো দুই বছরে কেন হকারমুক্ত করা সম্ভব হয়নি জানতে চাইলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গত রোববার বিকেলে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘নগরে অনেক হকার আছে। তাঁদের বৈধ সংগঠনও আছে। আমি ইচ্ছে করলে তাঁদের ফুটপাত থেকে উচ্ছেদ করতে পারি না। তবে নিবন্ধিত ও অনিবন্ধিত হকারের সংখ্যা নিরূপণ এবং কে কোথায় বসে ব্যবসা করছেন তা যাচাইয়ের কাজ চলছে।’
সিটি করপোরেশন সূত্র জানায়, হকারদের ব্যবসার জন্য কিছু নিয়ম জারির সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। নতুন নিয়ম অনুযায়ী, হকারদের একটি বিশেষ নম্বর ও পরিচয়পত্র দেওয়া হবে। তখন কোনো হকার নির্দিষ্ট এলাকার বাইরে দোকান (ভ্রাম্যমাণ) বসাতে পারবেন না। কেউ যাতে হকারদের কাছ থেকে চাঁদা তুলতে না পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও আছে করপোরেশনের।
নতুন নিয়মের বিষয়ে মেয়র নাছির উদ্দীন আরও বলেন, বিকেল পাঁচটার আগে কোনো হকার ফুটপাতে বসতে পারবেন না। সবাই পরিচয়পত্র পাবে। ফুটপাতের একটি অংশে বসে তাঁরা ব্যবসা করতে পারবেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরে তিনটি নিবন্ধিত হকার সংগঠনের আওতায় প্রায় ১০ হাজার হকার রয়েছেন। অনিবন্ধিত হকারের সংখ্যা আরও ১৮-২০ হাজার। যে যেখানে আছেন সেখানেই ব্যবসা করার সুযোগ পাবেন বলে মেয়র জানিয়েছেন। হকারদের নিয়মের মধ্যে আনতে নগর পুলিশ সিটি করপোরেশনকে সহায়তা করবে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে মেয়র উদ্যোগ নিয়েছেন। এ ব্যাপারে নগর পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে।
নতুন নিয়ম অনুযায়ী, কর্মদিবসগুলোতে অফিস ছুটি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শেষে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ফুটপাতে বসতে পারবেন হকাররা।
এ বিষয়ে চট্টগ্রাম হকার্স ফেডারেশন ও হকার্স লীগের উপদেষ্টা মো. শফর আলী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, হকারেরা চাঁদাবাজদের কাছে জিম্মি। ফুটপাতে বসতে তাঁদের অনেক জায়গায় চাঁদা দিতে হয়। এখন করপোরেশনের কাছ থেকে আইডি কার্ড পেলে তাঁরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন।