স্বাধীনতার পর নোয়াখালী পৌরসভার প্রথম নির্বাচন হয় ১৯৭৩ সালে। সেই নির্বাচনে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোস্তাক আহমেদ। এরপর ১৩৫ বছরের পুরোনো এই পৌরসভায় একবার উপনির্বাচনসহ ১২ বার নির্বাচন হয়। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা চারবার করে জয়লাভ করেন। তাই এবারের নির্বাচনকে আওয়ামী লীগ ও বিএনপির জন্য এগিয়ে যাওয়ার লড়াই হিসেবে দেখা হচ্ছে।
সর্বশেষ ২০১০ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন বিএনপির হারুনুর রশিদ আজাদ। ২০০৪ সালে তিনি প্রথম পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ফলে গত প্রায় সাড়ে ছয় বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও নোয়াখালী পৌরসভা থেকে যায় বিএনপির কবজায়। তাই আগামী ২৫ মে অনুষ্ঠেয় এই পৌরসভার নির্বাচনে জিততে মরিয়া আওয়ামী লীগ।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শহিদ উল্যাহ খান। তিনি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি সাংসদ হওয়ায় নির্বাচনী প্রচারণায় নামার সুযোগ নেই। তবে দলীয়ভাবে সব স্তরের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, সবাই যেন ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য মাঠে নামেন।’
আওয়ামী লীগের প্রার্থী শহিদ উল্যাহ খান বলেন, ‘পৌরসভাকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নসহ একটি আধুনিক মডেল পৌরসভা গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।’
এদিকে নোয়াখালী পৌরসভা নির্বাচনে জয় ধরে রাখার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। অসুস্থ হওয়ার পরও দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে এলাকায় ছুটে এসেছেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান। তিনি প্রথম আলোকে বলেন, ‘দলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করা সব নেতা-কর্মীর দায়িত্ব। সবাই সেভাবেই কাজ করছেন।’
বিএনপি থেকে এবারও মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র হারুনুর রশিদ আজাদ। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। হারুনুর রশিদ বলেন, বিগত দুই মেয়াদে তিনি পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছেন। এবার লক্ষ্য নোয়াখালীকে পরিকল্পিত আধুনিক শহর হিসেবে রূপান্তর করা। নির্বাচিত হলে শহরের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করার পাশাপাশি বিভিন্ন অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করবেন।
মেয়র পদে প্রধান দুই দলের দুই প্রার্থীর বাইরে প্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শহীদুল ইসলাম। তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন।