এগুলো পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘কিছুদিন পর পর নতুন কথা ছাড়ে, অর্বাচীনের মতো কথা বলে। এগুলো পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়।’
সচিবালয়ে গতকাল বুধবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। লন্ডনে বসে তারেক রহমান বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা তিনি জানেন কি না, সাংবাদিকেরা এ প্রশ্ন করেছিলেন।
লন্ডনে এক অনুষ্ঠানে গত মঙ্গলবার তারেক রহমান বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলে আখ্যায়িত করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘পাবনার পাগলা গারদে গেলে কেউ যদি পাগলকে বলেন যে একজন মন্ত্রী এসেছেন, তখন জবাব আসে, আমি তো প্রধানমন্ত্রী ছিলাম।’ তিনি বলেন, ‘আমরা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছি। এখন তো আর ওটা লাগে না, তাই যা খুশি তা-ই বলেন।’
তোফায়েল আহমেদ বলেন, ‘আমি অবাক হয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের (বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব) কথায়। তিনি নাকি বলেছেন, বুদ্ধিজীবী হত্যা করেছে মুজিব বাহিনী। বুদ্ধিজীবীদের পরিবার-পরিজনেরা জানেন, কারা হত্যা করেছে। বুদ্ধিজীবী হত্যাকারীদের কারও ফাঁসি হয়েছে, কারও ফাঁসির রায় হয়েছে। এ হত্যাকারীদের রক্ষার জন্য মির্জা ফখরুল এ কথা বলেছেন।’ তিনি বলেন, ‘তাঁকে (ফখরুল) অসম্মান করি না, তিনিও আমাকে সম্মান করেন। যদিও মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন। তিনি কী করে বললেন, বুদ্ধিজীবী হত্যা করেছে আওয়ামী লীগ?’
বাংলাদেশ রাজনৈতিকভাবে স্থিতিশীল উল্লেখ করে তোফায়েল বলেন, ‘বিদেশে এখন আর কেউ নির্বাচন নিয়ে প্রশ্ন করে না। বিদেশের সঙ্গে সম্পর্কটা হয় সরকারের সঙ্গে সরকারের, দেশের সঙ্গে দেশের, তা যে সরকারই ক্ষমতায় থাকুক।’